ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে সড়ক ও জনপথ বিভাগের পিএমপি(মাইনর) মেন্টেনেন্স খাতে ঠিকাদাররা বকেয়া টাকা পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
রোববার দুপুরে সড়ক ও জনপথ ভবনের সামনে ঠিকাদার সমিতি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি অফিস চত্বর প্রদক্ষিণ করে। মিছিল শেষে সড়ক ভবনের সামনে এক সমাবেশে বক্তব্য রাখেন ঠিকাদার সমিতির সভাপতি আব্দুল হাকিম, সাধারন সম্পাদক বাবুল আজাদ,ঠিকাদার সোরোয়ার জাহান বাদশা,রাশিদুর রহমান রাসেল,জেএম রফিকুল আলম সোহরাব হোসেন বিশ্বাস ও কাজী কামাল আহম্মেদ প্রমূখ।বিক্ষোভ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে যোগাযোগ মন্ত্রণালয়ের বরাবর স্মারকলিপি প্রদান করেন।
সমাবেশে ঠিকাদাররা বলেন, ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদারদের গত ২০১১-১২ অর্থ বছরে ৪৮টি কাজের কোটি ৩৩লাখ টাকা ও ২০১২-১৩ অর্থ বছরের ৫৭টি কাজের ৪ কোটি ৯০ লাখ ৫২হাজার টাকা বিল বকেয়া রয়েছে। বিভিন্ন সময়ে অফিসটিতে ধর্ণা দিয়েও তারা পাওনা টাকা পাচ্ছে না। ফলে ঠিকাদাররা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। অনেকে ধার-দেনা করে সংসার চালাতে বাধ্য হচ্ছে। দাবি মানা না হলে আগামী ৩১ মে পর থেকে লাগাতর কর্মসূচী পালন করবেন বলে জানানো হয়।