× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা

কূটনৈতিক প্রতিবেদক

মালদ্বীপের ঘনিষ্ঠতম সহযোগী চীন -মালদ্বীপের প্রেসিডেন্ট

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
মালদ্বীপের ঘনিষ্ঠতম সহযোগী

ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বয়কট মালদ্বীপ হেশট্যাগ দিয়ে ক্ষোভ জানান ভারতীয়রা। শুধু তাই নয়, দ্বীপ রাষ্ট্রটির বিভিন্ন হোটেলে যেসব পর্যটক বুকিং দিয়েছিলেন, তারাও সেসব বাতিল করেছেন। মালদ্বীপের পর্যটন আয়ের বড় অংশ আসে ভারত থেকে। এমন প্রেক্ষাপটে নয়াদিল্লি-মালে টানাপড়েনের মধ্যেই চীন সফরে গিয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু এবার বেইজিংকে তাদের ‘পুরনো বন্ধু এবং ঘনিষ্ঠতম সহযোগী’ বললেন।

বুধবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে আলোচনায় মুইজ্জু আরো বলেন, ‘মালদ্বীপের উন্নয়নের ক্ষেত্রে চীন অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার।’ পাঁচ দিনের চীন সফরের তৃতীয় দিনে বুধবার জিনপিংয়ের সাথে রাজধানী বেইজিংয়ে বৈঠক করেন মুইজ্জু। জানান করোনাভাইরাস মহামারীর আগে চীন ছিল তাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য সহযোগী।

গত সেপ্টেম্বরে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে ‘চীনপন্থী’ নেতা তথা ‘পিপল্‌স ন্যাশনাল কংগ্রেস’-এর প্রধান প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু দায়িত্ব নেয়ার পর থেকেই ভারতের বিরুদ্ধে একের পর সিদ্ধান্ত নিচ্ছেন। যা নিয়ে নয়াদিল্লি-মালে টানাপড়েন তৈরি হয়েছে। ক্ষমতায় এসেই মুইজ্জু মালদ্বীপে মোতায়েন ভারতীয় সেনাসদস্যদের ফেরত পাঠিয়েছেন। সম্প্রতি, তিনি নয়াদিল্লির সাথে চার বছরের পুরনো নৌচুক্তি বাতিলের কথা ঘোষণা করেন। ওই চুক্তির মাধ্যমে ভারতীয় নৌবাহিনীর নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা, পরিবেশ সুরক্ষা এবং বৈজ্ঞানিক গবেষণায় সাহায্য করার জন্য মালদ্বীপের জলসীমায় ‘হাইড্রোগ্রাফিক’ সমীক্ষা চালানোর অনুমতি মিলত। চুক্তি বাতিলের ফলে তা বন্ধ হয়েছে। যা নিয়ে দ্বিপক্ষীয় সম্পর্কে এসেছে ভাটার টান।

সম্প্রতি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সফরের বেশ কিছু ছবি এবং ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়। অভিযোগ, মলদ্বীপের তিন মন্ত্রী, মরিয়ম শিউনা, মালশা শরিফ এবং মাহজুম মাজিদ কিছু ছবিতে মোদিকে ‘পুতুল’ এবং ‘জোকার’ বলে মন্তব্য করেন। ভারত-ইসরায়েল সম্পর্ক নিয়েও আপত্তিকর মন্তব্য করা হয়। পরে অবশ্য বিতর্কের মুখে পোস্টগুলো মুছে দেয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত মালদ্বীপের বিরোধী নেতাদের চাপের মুখে তিন মন্ত্রীকে সাসপেন্ড করতে বাধ্য হন প্রেসিডেন্ট মুইজ্জু।

সমুদ্রসম্পদ ও জাহাজ নির্মাণ শিল্প থাকা সত্ত্বেও মালদ্বীপের অর্থনীতি প্রধানত পর্যটননির্ভর। দেশের মোট প্রবৃদ্ধির ২৮ শতাংশ পর্যটনের অবদান। দেশের মোট বৈদেশিক মুদ্রার ৬০ শতাংশও আসে পর্যটনের দৌলতে। মালদ্বীপ পর্যটন আয়ের একটি বড় অংশ আসে ভারত থেকে। মালদ্বীপের পর্যটন ওয়েবসাইটের তথ্যানুসারে, ভারতীয় পর্যটকরা ২০২৩ সালে মালদ্বীপে ২ লাখ ৯ হাজার জন ভ্রমণ করেছেন, যা দেশটির মোট পর্যটন বাজারের ১১ শতাংশ। এর পরের অবস্থানে খুব কাছাকাছি রয়েছে রাশিয়া। তবে চীনের পর্যটক ছিল ১ লাখ ৮৭ হাজার ১১৮ জন, বা মোটের ১০ শতাংশ। ইতিমধ্যেই ভারত থেকে সে দেশের ১৪ হাজারেরও বেশি হোটেল বুকিং বাতিল হয়েছে। বাতিল করে দেওয়া হচ্ছে বিমানের বুকিংও। মালদ্বীপের হোটেলভাড়া ২০ শতাংশ কমে গেছে। মালদ্বীপের পর্যটন সংস্থাগুলো প্রমাদ গুনতে শুরু করেছে। মন্ত্রীদের মন্তব্যের জন্য সে দেশের পর্যটন সংস্থাগুলোর সংগঠন নিঃশর্ত ক্ষমা চেয়ে ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে। তাদের আরজি, ব্যক্তিবিশেষের অপরাধের জন্য দেশকে যেন শাস্তি পেতে না হয়।

সমাজমাধ্যমে ভারতীয়দের ‘বয়কট মালদ্বীপ’-এর ঠেলা সামলাতে হিমশিম খাচ্ছে ভারতের দক্ষিণ-পশ্চিমে ভারত মহাসাগরের ক্ষুদ্র রাষ্ট্র মালদ্বীপ। আগে থেকেই মালদ্বীপে ঘুরতে যাওয়ার বিমান-হোটেলে টিকিট বুক করে রাখার পরেও তা বাতিল করে চলেছেন একের পর এক ভারতীয়। ক্রমে সেই সংখ্যা বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে চীন সফরে গিয়ে মঙ্গলবার মুইজ্জু চীনা সরকারের এবং সে দেশের বণিকসভার প্রতিনিধিদের কাছে পর্যটক চেয়ে ‘দরবার’ করেছিলেন।

এই আবহে মুইজ্জু বুধবার চীনকে ‘পুরনো এবং সবচেয়ে কাছের বন্ধু’ বলায় দ্বিপক্ষীয় সম্পর্কে স্নায়ুযুদ্ধের পারদ আরো চড়তে পারে বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ। উল্লেখ্য, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের একাধিপত্যের মোকাবিলা করতে সক্রিয় মোদি সরকার। আমেরিকার নেতৃত্বে গড়া কোয়াড-এ তারা প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। কিন্তু তার আগে সমুদ্রপথ নিয়ে যথেষ্ট উদ্বেগে পড়ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তার অন্যতম কারণ ‘চীন ঘনিষ্ঠ’ মুইজ্জু।


এ ক্যটাগরির আরো খবর..