দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন সুব্রত রায়। ম্যালিগনেন্সি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা জটিলতায় সুব্রত রায়ের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তার প্রতিষ্ঠান সাহারা। তিনি স্ত্রী স্বপ্না রায়, দুই পুত্র সুশান্ত ও সীমান্ত রায়সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সুধীর চন্দ্র রায় ও শ্রীমতী ছবি রায় এর ঘরে ভারতের বিহার রাজ্যে ১৯৪৮ সালের ১০ জুন আরারিয়ায় জন্মগ্রহণ করেন সুব্রত রায়। তার পূর্বসূরীরা বর্তমান বাংলাদেশের( প্রাক্তন ইস্ট বেঙ্গল প্রেসিডেন্সি) ঢাকা বিক্রমপুরের বিখ্যাত ভাগ্যকূল জমিদার পরিবারের সদস্য ছিলেন। দেশ ভাগের পর তারা কোলকাতায় চলে যান। তিনি কলকাতায় হলি চাইল্ড স্কুল-এ প্রাথমিক শিক্ষাজীবন সমাপ্ত করেন। এরপর গোরক্ষপুর টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে সুব্রত রায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর পাস করেন। ১৯৭৬ সালে ধুঁকতে থাকা চিটফান্ড সংস্থা ‘সাহারা ফিন্যান্স’কে অধিগ্রহণ করেন। ১৯৭৮ সালে সেটির নাম বদলে হয় ‘সাহারা পরিবার’।
ক্রমেই ভারতের মানচিত্রে নিজেকে একজন বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা করেন সুব্রত রায়। তার হাত ধরেই আর্থিক প্রতিষ্ঠান, আবাসন শিল্প, সংবাদমাধ্যম এবং হোটেল ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে সাম্রাজ্য বিস্তার করেছিল সাহারা। ১৯৯২ সালে ‘রাষ্ট্রীয় সাহারা’ নামে হিন্দি সংবাদপত্রের সূচনা করেন তিনি। এর কয়েক বছর পরেই হাত দেন তার স্বপ্নের প্রকল্পে। পুণেতে ১০ হাজার একরেরও বেশি জায়গা জুড়ে শুরু করেন ‘অ্যাম্বি ভ্যালি প্রকল্প’। এর পরে তিনি একটি টিভি চ্যানেলও চালু করেন। লন্ডনের গ্রসভেনর হাউস হোটেল এবং নিউ ইয়র্কের প্লাজা হোটেলের মতো নামি হোটেলও অধিগ্রহণ করেন তিনি। সাহারা গ্রুপ সর্বাত্মক পরিচিতি পেয়েছে ভারতীয় ক্রিকেট দলের স্পন্সর হওয়ার মাধ্যমে। বলিউডের নায়ক-নায়িকা ও বড় রাজনীতিবিদের সঙ্গে সখ্যের সূত্র ধরে সুব্রত ছিলেন ভারতীয় চেনা মুখ।
২০১২ সালে শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। সেবি সুপ্রিম কোর্টে জানায় যে, সাহারা গ্রুপ কোম্পানি বেআইনিভাবে বাজার থেকে ৩৫০ কোটি ডলার তুলেছে। সাহারা কর্তৃপক্ষ যদিও দাবি করে, লাখ লাখ ভারতীয় ব্যাংকিং পরিষেবার বাইরে ছিলেন, তাদের বিনিয়োগের সুযোগ করে দিয়েছিলেন তারা। তবে যে তালিকা সাহারা দিয়েছিল, তার মধ্যে বহু বিনিয়োগকারীর হদিস মেলেনি। ২০১৪ সালের মার্চে জেলে পাঠানো হয় সাহারা কর্তাকে। প্রায় দুবছর জেলে থাকার পর ২০১৬ সালে প্যারোলে বেরিয়ে আসেন সুব্রত। সেই থেকে জেলের বাইরেই ছিলেন তিনি।