ফ্রান্সের একটি স্কুলে ছুরি হামলায় এক শিক্ষক নিহত ও দুজন আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন, এ ঘটনার পর হামলাকারীকে আটক করা হয়েছে। ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্নি জঙ্গিবাদ মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছেন।
গতকাল শুক্রবার ফ্রান্সের উত্তরাঞ্চলীয় শহর আরাসের গাম্বেতা উচ্চ বিদ্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারী ‘আল্লাহু আকবর’ স্লোগান দিয়ে ছুরি নিয়ে ওই স্কুলে হামলা চালান। ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘাতে মুসলিম ও ইহুদি সম্প্রদায়ের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ফ্রান্সে এই হামলার ঘটনা ঘটল।
ঘটনার পরপরই প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ স্কুলটি পরিদর্শন করেন এবং হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। ইমানুয়েল মাখোঁ ফরাসি জনগণকে আক্রমণের মুখে একতাবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ফ্রান্সের অন্য একটি অংশে পুলিশ আরেকটি হামলার চেষ্টা ঠেকিয়েছে। তিনি বলে, নিহত শিক্ষক অন্যদের রক্ষা করতে এগিয়ে এসেছিলেন এবং সন্দেহ নেই অনেক জীবন বাঁচিয়েছেন।
পুলিশ জানায়, হামলাকারী একজন রাশিয়ান নাগরিক। তার নাম মোহাম্মদ মোগউচকভ (২০)। ফরাসি চ্যানেল বিএফএমটিভি জানিয়েছে, হামলাকারীর ভাইকেও পুলিশ গ্রেপ্তার করেছে। নিহত ব্যক্তি একজন ফরাসি ভাষার শিক্ষক। হামলায় একজন ক্রীড়া শিক্ষকও আহত হয়েছেন। হামলার পরপরই প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্নি প্রেসিডেন্ট ইমান্যুয়েল মাখোঁর সঙ্গে বৈঠক শেষে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করেন।