× Banner

দেবাশীষ মুখার্জী : কূটনৈতিক রিপোর্টার

ফিলিস্তিন-হামাস সংঘাতে চ‍্যালেঞ্জের মুখে চীনের কূটনৈতিক উদ্যোগ

Dutta
হালনাগাদ: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
gaza

চলতি বছর ইরান ও সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করতে সফল মধ্যস্থতার পর অঞ্চলটিতে প্রভাবশালী কূটনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার ইঙ্গিত দিয়েছিল বেইজিং। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত মধ্যপ্রাচ্যে চীনের কূটনৈতিক উদ্যোগকে পরীক্ষার মুখে ফেলেছে।

চীনের মধ্যস্থতায় মার্চ মাসে সৌদি-ইরান সমঝোতার পর চীনা সংবাদমাধ্যমে মধ্যপ্রাচ্যে বেইজিংয়ের উপস্থিতির উচ্চ প্রশংসা করা হয়েছিল। বিশেষ করে অঞ্চলটিতে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক আধিপত্য থাকা সত্ত্বেও- এমন চুক্তিতে ভূমিকা রাখার জন্য। ওই সময় চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই বলেছিলেন, বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে গঠনমূলক ভূমিকা পালন চালিয়ে যাবে তার দেশ। কিন্তু চলমান সংঘাত তাদের সেই উচ্চাকাঙ্ক্ষার সীমাবদ্ধতা পরিলক্ষিত হচ্ছে। শনিবার থেকে শুরু হওয়া হামাস-ইসরায়েল সংঘাতে ৮ শতাধিক ফিলিস্তিনি ও সহস্রাধিক ইসরায়েলি নিহত হওয়ার পর, চীনের প্রতিক্রিয়া অনেকটাই নীরব।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নারী মুখপাত্র একাধিকবার হামাসের নিন্দা জানানো থেকে বিরত থেকেছেন। চীনের পক্ষ থেকে উত্তেজনা নিরসন এবং ইসরায়েল ও ফিলিস্তিন সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্র সমাধানের মাধ্যমে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এখনও এ বিষয়ে মুখ খোলেননি। মঙ্গলবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, ফিলিস্তিন-ইসরায়েল চলমান সংঘাত বৃদ্ধি নিয়ে আমরা গভীর উদ্বিগ্ন এবং অবিলম্বে যুদ্ধবিরতি ও লড়াই বন্ধের আহ্বান জানিয়েছি। সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখতে এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার জন্য উদ্যোগে আগ্রহী চীন। চীনের নিরপেক্ষতার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তারা। কেউ কেউ বলছেন, এর ফলে মধ্যপ্রাচ্যে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে দেশটির অবস্থান নড়বড়ে হয়ে পড়ছে।

বিশ্লেষকরা বলছেন, এতে অবাক হওয়ার মতো কিছু নেই। চীনা কূটনীতি দীর্ঘদিন ধরে ঝুঁকি-এড়ানোর পথে এগোচ্ছে। হামাস ও ইসরায়েলের সংঘাত তাদের কূটনীতিকদের কঠিন পরিস্থিতিতে ফেলেছে। বিশেষ করে ফিলিস্তিনের প্রতি ঐতিহাসিক সমর্থন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার কারণে। নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অব গ্রনিঙ্গেন-এর সহকারী অধ্যাপক ও চীন-মধ্যপ্রাচ্য সম্পর্ক বিশেষজ্ঞ বিল ফিগুয়েরা বলেছেন, নিশ্চিতভাবে প্রোপাগান্ডায় একটি ছিদ্র তৈরি করছে। যে প্রোপাগান্ডায় বলা হচ্ছিল মধ্যপ্রাচ্যে বড় দেশ চীন।

হামাসের নিন্দা জানালে রাশিয়া ও ইরানের বিরাগভাজন হতে পারে বেইজিং। ওয়াশিংটনের স্টিমসন সেন্টারের চায়না প্রোগ্রামের পরিচালক ইয়ুন সুন বলেছেন, হামাসকে সহযোগিতাকারী কে তা অস্পষ্ট। চীনের কোনও অংশীদার হওয়ার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রের মনোযোগ অন্যত্র সরার কারণে রাশিয়া সুবিধা পাবে, ইরানও সহযোগিতা করতে পারে। হামলার নিন্দা করার অর্থ হলো চীনকেও পদক্ষেপ নিতে হবে, যখন নেপথ্যে সহযোগিতাকারীর নাম প্রকাশ্যে আসবে।

সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির মিডল ইস্ট ইনস্টিটিউটের সিনিয়র রিসার্চ ফেলো জ্যেন-ল্যুপ সামান বলেছেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীল পরিস্থিতিতে চীন খুব সফল মধ্যস্থতাকারী। কিন্তু যখন সংঘাত নিরসনের বিষয়, তখন পরিস্থিতি অনেক ভিন্ন। আমি মনে করি না চীন এই ভূমিকা নিতে চায়।

লন্ডনের এসওএএস চায়না ইনস্টিটিউটের পরিচালক স্টিভ সাং বলেছেন, শি জিনপিংয়ের নেতৃত্বে সব স্থানে শ্রদ্ধা ও প্রশংসা পেতে চায় চীন। এরমধ্যে মধ্যপ্রাচ্যও রয়েছে। কিন্তু অঞ্চলটির গুরুত্বপূর্ণ নিরাপত্তা ইস্যু সমাধানে দেশটি আগ্রহী নয়। চীন সবসময় সহজে ফলাফল অর্জন করতে চায়।


এ ক্যটাগরির আরো খবর..