জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ উপলক্ষে ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখের বিভিন্ন ইভেন্ট সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন (২১ সেপ্টেম্বর ২০২৩) নিউইয়র্কের একটি হোটেলে প্রেস ব্রিফিং করেন। প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পঠিত অংশ নিচে দেয়া হলো:
আজ সকালে মাননীয় প্রধানমন্ত্রী “Universal Health Coverage” বিষয়ে আয়োজিত এক উচ্চ পর্যায়ের সভায় অংশগ্রহণ করেন। এসময় তিনি বলেন যে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ অত্যন্ত গুরুত্বপুর্ণ। এ বিষয়ে আরো গুরুত্ব দেয়া এবং একটি আন্তর্জাতিক পরিকল্পনা প্রয়োজন।
তিনি এসময় প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তাঁর সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের বর্ণনা দেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের ৫টি বিষয়ে আমাদেরকে সমর্থন/সহায়তা প্রদান করার জন্য প্রস্তাব/অনুরোধ করেছেন, যার মধ্যে অন্যতম হলঃ শিশু, মা ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্যের জন্য উন্নয়ন সহায়তা চলমান রাখা, সকলের জন্য স্বাস্থ্য আইডি সহ একটি ডেটা-চালিত স্বাস্থ্য তথ্য সিস্টেম বিকাশে দক্ষতা ভাগ করা বা স্থানান্তর করা; আমাদের প্রেক্ষাপটে উপযোগী একটি শক্তিশালী স্বাস্থ্য বীমা প্রকল্প বিকাশে আমাদের সহায়তা করা; দ্রুত বর্ধনশীল স্বাস্থ্য-প্রযুক্তি স্টার্ট আপ সহ স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানো ইত্যাদি।
আজ বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, তুরস্ক, ইন্দোনেশিয়া এবং গাম্বিয়ার যৌথ আয়োজনে রোহিঙ্গা সমস্যা বিষয়ক একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পূর্ব তিমুরের মহামান্য রাষ্ট্রপতি, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান ও বিশ্বের বিভিন্ন উচ্চ রাজনৈতিক পর্যায়ের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। মাননীয় প্রধানমন্ত্রী এ সভায় মূল বক্তব্য প্রদান করেন। বাংলাদেশের জন্য রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তন এক নম্বর priority ইস্যু। এছাড়াও, রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহযোগীতা দিনদিন কমে আসছে। এই প্রেক্ষাপটে আমাদের বক্তব্য এবং অবস্থান আবারও বিশ্ববাসীর কাছে পৌছে দিতে এ সাইড ইভেন্ট আয়োজন করা হয়। উক্ত সভায় বিভিন্ন রাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, রোহিঙ্গা সমস্যা যে এখনও বৈশ্বিক আলোচনার অগ্রভাগেই রয়েছে। এই অনুষ্ঠানে বিশ্বনেতৃবৃন্দ রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। মাননীয় প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে অসহায় রোহিঙ্গাদের ভরণপোষণ নিশ্চিত করার জন্য মানবিক প্রচেষ্টা অব্যাহত রাখতে বিশ্বসম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। আন্তর্জাতিক আইনের প্রয়োগ এবং মিয়ানমারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত ও জাতীয় আদালত সহ আন্তর্জাতিক বিচার আদালতে দায়ের করা মামলায় তিনি সকলের সমর্থন প্রত্যাশা করেন।
এরপর US Department of State-এর Under Secretary for Civilian Security, Democracy and Human Rights মিজ্ Uzra Zeya মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় তাঁদের মধ্যে বৈশ্বিক চলমান বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এছাড়াও, জাতিসংঘের গণহত্যা প্রতিরোধ বিষয়ক বিশেষ উপদেষ্টা Ms. Alice Wairimu Nderitu মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। এসময় মাননী প্রধানমন্ত্রী বাংলাদেশ ১৯৭১ সালে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করতে জাতিসংঘকে আহ্বান জানান। এছাড়াও, মিয়ানমারে সংঘটিত গণহত্যার বিচার প্রক্রিয়ায় সহায়তা প্রদানেরও অনুরোধ করেন।
আমি আজ ওআইসি-ভূক্ত দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের নিয়ে অনুষ্ঠিত বার্ষিক সমন্বয় সভায় অংশগ্রহণ করেছি। এসময় আমি উপস্থিতিকে জানাই যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বারংবার মুসলিম বিশ্বের মধ্যে সংহতি পুনরুজ্জীবিত করার কথা বলেছেন। তাঁরই এ দর্শনকে আমাদের মধ্যে ধারণ করে আমরা একটি শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ বিশ্ব গড়ে তোলার জন্য ওআইসি একটি অন্যতম গুরুত্বপূর্ণ ফোরাম বলে বিশ্বাস করি। আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা বিষয়ে গাম্বিয়ালে সহায়তা প্রদানের জন্য আমি ওআইসি-ভূক্ত দেশের নেতৃবৃন্দকে উদাত্ত আহ্বান জানাই।
পরবর্তীতে আমি Ministerial meeting on Summit of the Future শীর্ষক এক উচ্চ পর্যায়ের সভায় অংশগ্রহণ করেছি। আপনারা জানেন কোভিড-১৯ মহামারি এবং বিশ্বে চলমান বিভিন্ন সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে উদ্ভূত খাদ্য ও জ্বালানী সংকটসহ সম্ভাব্য অর্থনৈতিক ধাক্কা বিশ্বের সকলকেই ব্যাপকভাবে প্রভাবিত করেছে। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে সৃষ্ট নানাবিধ আন্তঃসম্পর্কিত বৈশ্বিক চ্যালেঞ্জ থেকে উত্তরণের সম্ভাব্য উদ্ভাবনী ও রূপান্তরমূলক সমাধান অনুসন্ধান নিমিত্ত ২০২৪ সালে Summit of the Future সম্মেলন আয়োজনের সিদ্ধান্তকে আমি স্বাগত জানিয়েছি। আমি আশাবাদ ব্যক্ত করেছি যে, জলবায়ু পরিবর্তন, যেকোন মহামারি বা স্বাস্থ্য বিষয়ক জরুরী অবস্থা সমন্বিতভাবে মোকাবিলা, আন্তর্জাতিক সহযোগিতা, বহুপাক্ষিকতা, নারী ক্ষমতায়ন, বৈশ্বিক শান্তি, পারমাণবিক নিরস্ত্রীকরণ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিতকরণে ২০২৪ সালের অনুষ্ঠেয় এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি যুদ্ধ-বিগ্রহ পরিহার করে “Culture of Peace” প্রতিষ্ঠা এবং ধারণ করার আহ্বান জানিয়েছি।
এরপর আমি ইউরোপের দেশ চেকিয়া-এর মাননীয় পররাষ্ট্র মন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করি। এসময় দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রকে প্রসারিত করার ব্যাপারে বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়। চেকিয়া আমাদের সাথে ব্যবসা বাণিজ্য, পানিসম্পদ ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা এবং কৃষিখাতে সহযোগীতা বাড়ানোর ব্যাপারে ব্যাপক আগ্রহ প্রকাশ করেছে।
এছাড়াও, আন্তর্জাতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগীতার বিষয়ে আমরা আলোচনা করি। এছাড়াও আমি CTBTO-এর নির্বাহী পরিচালকের সাথে সাক্ষাত করেছি। এসময় আমি তাঁকে বলি যে, জাতিসংঘের সদস্য হওয়ার পর থেকে বাংলাদেশ সবসময় জাতিসংঘের নিরস্ত্রীকরণ কূটনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। সাধারণ এবং সম্পূর্ণ নিরস্ত্রীকরণের প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি জাতির পিতার নির্দেশনায় পরিচালিত বাংলাদেশের পররাষ্ট্রনীতির একটি মৌলিক বিষয়। প্রথম দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে, বাংলাদেশ ২০০০ সালে CTBT স্বাক্ষর ও অনুমোদন করে।
মাননীয় Ambassador-at-large আজ Informal meeting of the CICA Ministers for Foreign Affairs শীর্ষক এক সভায় অংশগ্রহণ করেন। তিনি আঞ্চলিক ও আন্তঃ আঞ্চলিক অর্থনৈতিক, রাজনৈতিক সহযোগীতা ও আন্তঃ সংযোগ উন্নয়নে বাংলাদেশের সুদৃঢ় অবস্থানের কথা পূর্ণব্যক্ত করেন।
পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) আজ বেশ কিছু সভায় অংশগ্রহণ করেছেন। তিনি Friends of Mediation শীর্ষক সভায় কার্যকর এবং টেকসই Mediation এর জন্য সকলের মধ্যে সহনশীলতা এবং সহযোগীতার মনোভাব ধারণ করতে হবে বলে অভিমত দেন। তিনি CVF Leaders Meeting-এ অংশগ্রহণ করে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় প্রয়োজনীয় অর্থায়ন এবং টেকসই বিনিয়োগের নিশ্চিতকরণে বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাসমূহ সংস্কারের উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও, তিনি Ministerial meeting of the LDC-শীর্ষক সভায় বক্তব্য প্রদান করেন।
তিনি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এবং প্রাইভেট সেক্টরকে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য সভায় আহ্বান জানান।