আজ ১৫ জুন প্রতিবছরের ন্যায় সারা বিশ্বে পালিত হচ্ছে বিশ্ব বায়ু দিবস। বায়ু শক্তিকে ব্যবহারে সকলকে উৎসাহিত করতেই বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হয়ে থাকে। ২০০৭ সালের ১৫ জুন প্রথম বিশ্ব বায়ু দিবস উদযাপনন করা হয়েছিল। তবে তখন তা ছিল শুধুই ‘বায়ু দিবস’। দুই বছর পর, ২০০৯ সালে বিশ্ব বায়ু দিবস নামটি দেওয়া হয়।
জানা যায়, ইউরোপীয় ইউনিয়নের বায়ুশক্তি নিয়ে যারা কাজ করছে তাদের সমন্বয়ে ইউরোপিয়ান উইন্ড এনার্জি এসোসিয়েশন (ইডব্লিউইএ) নামের একটি সংগঠন গড়ে তোলা হয়। পরবর্তীতে ইডব্লিউইএ’র নাম পরিবর্তন করে উইন্ড ইউরোপ রাখা হয়। এই সংগঠনটি চলতি বছর বায়ু দিবসের প্রতিপাদ্য ঠিক করেছে ‘সেলিব্রেট দ্য পাওয়ার অব উইন্ড বা বায়ু শক্তিকে উদযাপন করো’।
সংশ্লিষ্টরা বলছেন, ছয়টি কারণে বিশ্বজুড়ে বায়ু বিদ্যুতের জনপ্রিয়তা বাড়ছে। এগুলো হচ্ছে- কোনও পরিবেশ দূষণের আশঙ্কা নেই, জীবাশ্ম জ্বালানির প্রয়োজন হয় না, প্রাকৃতিক গ্যাসের খরচ রোধ, সহজ ও সুলভ রক্ষণাবেক্ষণ, যেকোনও অঞ্চলে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ করা যায় এবং প্লান্ট স্থাপনের জন্য অল্প জায়গার প্রয়োজনীয়তা।
বায়ু শক্তি ব্যবহার করে অন্তত ৩০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার পরিকল্পনা করছে প্রতিবেশী দেশ ভারত। এ ছাড়া চীন সৌর বিদ্যুতের পর বায়ু বিদ্যুতে গুরুত্ব দিচ্ছে। এমনকি দক্ষিণ কোরিয়া ২০৩০ সালের মধ্যে ১৬ হাজার মেগাওয়াট বায়ু বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা হাতে নিয়েছে। সেখানে অনেকখানি পিছিয়ে রয়েছে বাংলাদেশ। দুই দশমিক ৯ মেগাওয়াট বায়ু বিদ্যুতের একটি এক মেগাওয়াটের কেন্দ্র চালু থাকলেও বছরের অধিকাংশ সময় এটি উৎপাদনহীন থাকে। দেশের একটি গবেষণা বলছে, উপকূলের ১২শ’ কিলোমিটারজুড়ে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে মিলে একটি মার্কিন প্রতিষ্ঠান ২০১৮ সালে এই গবেষণা রিপোর্ট প্রকাশ করেছিলো।
বিশেষজ্ঞরা বলছে, আমাদের দেশের যে আবহাওয়া তাতে প্রায় ৫০০০ মেগাওয়াট বায়ু বিদ্যুৎ করা সম্ভব।
‘উইন্ডইউরোপ’ (WindEurope) সংস্থা জানিয়েছে, উপকূলীয় এলাকার বায়ুশক্তিই এখন বিশ্বের, বিশেষ করে ইউরোপের সবথেকে সস্তা শক্তি। বড় বড় উইন্ড টারবাইন ব্যবহার করে বায়ুশক্তিকে বিদ্যুৎশক্তিতে রূপপান্তরিত করা হয়। বিশ্বের বিভিন্ন অঞ্চলেই, বর্তমানে বাতাসের শক্তিকে কাজে লাগাতে এই বিশাল বিশাল টারবাইন ব্যবহার করা শুরু হয়েছে। ভারতেও এই বিষয়ে কাজ শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগোর এনার্জি পলিসি ইনস্টিটিউটের (ইপিআইসি) গবেষকরা বলছেন,বায়ু দূষণের এই সূচকের হিসাবে বিশ্বের সবচেয়ে বেশি দূষণের শিকার পাঁচ দেশের চারটিই দক্ষিণ এশিয়ায়। বিশ্বের সবচেয়ে বেশি বায়ু দূষণের শিকার বাংলাদেশ।বায়ু দূষণের কারণে গড়ে সাত বছর করে আয়ু হারাচ্ছে বাংলাদেশিরা।
ইউনিভার্সিটি অব শিকাগোর এই বায়ু দূষণ জীবনকাল সূচক অনুযায়ী, বাংলাদেশে সবচেয়ে দূষিত শহর ঢাকার বাসিন্দারা গড়ে ৮ বছর করে আয়ু হারাচ্ছেন। চট্টগ্রামে আয়ু কমছে সাড়ে ছয় বছর করে।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ৬৪ জেলার সবক’টিতেই বাতাসে দূষণকারী কণার উপস্থিতি ডব্লিউএইচওর সহনীয় সীমার বেশি।
দক্ষিণ এশিয়ার বিপুল জনসংখ্যা এবং জনসংখ্যার ঘনত্বের কারণে এই অঞ্চলের গড় আয়ু হ্রাসের পরিমাণ বিশ্বের মোট আয়ুষ্কালের ৫২ শতাংশ এবং এটা হচ্ছে কারণ এখানকার বাতাসে ডব্লিউএইচওর নির্দেশিত সীমার চেয়ে অনেক বেশি পরিমাণে দূষণকারী কণা উপস্থিতি।