কাতার বিশ্বকাপ আসরে সবচেয়ে বড় ভেন্যু লুসাইলের আইকনিক স্টেডিয়াম। প্রায় ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে এখনও পর্যন্ত দুই ম্যাচে মাঠ কানায় কানায় পূর্ণ ছিল। দুটি ম্যাচেই মাঠে নেমেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। এরমধ্যে আর্জেন্টিনার সর্বশেষ ম্যাচে তো রীতিমতো রেকর্ডের জন্ম দিয়েছে লুসাইল স্টেডিয়াম। মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার ২–০ গোলে জেতা ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত হয়েছিল ৮৮ হাজার ৯৬৬ জন দর্শক। যা ফুটবল বিশ্বকাপের গত ২৮ বছরের মধ্যেই দ্বিতীয় সর্বোচ্চ।
ফিফার তথ্যানুসারে ১৯৯৪ সালের বিশ্বকাপ ফাইনালে এরচেয়ে বেশি দর্শক দেখেছে ফুটবলের এই সেরা টুর্নামেন্ট। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রোজ বোল স্টেডিয়ামে অনুষ্ঠিত ব্রাজিল এবং ইতালির মধ্যকার সেই ফাইনাল দেখতে স্টেডিয়ামে উপস্থিত হয়েছিল ৯৪ হাজার ১৯৪ জন সমর্থক। সেই বিশ্বকাপে পেনাল্টি শ্যূটআউটে ইতালিকে হারিয়ে শিরোপা জিতেছিল ব্রাজিল।
কাতারের লুসাইল স্টেডিয়ামে উপস্থিত দর্শকসংখ্যা চলতি বিশ্বকাপের মধ্যে সর্বোচ্চ। তবে বিশ্বকাপের ইতিহাসে এই সংখ্যা সেরা ত্রিশেও নেই। এখনও পর্যন্ত ফুটবল বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক দর্শক মাঠে বসে খেলা দেখার রেকর্ড দখল করে আছে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে। ১৯৫৮ সালে বিশ্বকাপের ফাইনালে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের খেলা দেখতে মাঠে এসেছিল ১ লাখ ৭৩ হাজার ৮৫০ জন স্বাগতিক দর্শক। ব্রাজিলও সেবার নিজেদের প্রথম শিরোপা জিতেছে ২–১ গোল ব্যবধানে।