জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর পঞ্চগড় শহরের বিভিন্ন পেট্রোল পাম্পের সামনে যানবাহন রেখে বিক্ষোভ, সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয় পরিবহন মালিকরা। গাজীপুরের শ্রীপুরে ফিলিং স্টেশন থেকে তেল সরবরাহ না করায় গভীর রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন মোটরসাইকেল চালকরা।
পঞ্চগড়ে তালিকাভুক্ত ২৯টি পাম্প রয়েছে। জেলায় ডিজেল প্রায় ৩৬ হাজার লিটার, পেট্রোল প্রায় ১৬ হাজার লিটার এবং অকটেন প্রায় ৪ হাজার লিটার চাহিদা রয়েছে। এসব পাম্পে রাত বারটার পূর্বে অনেক গ্রাহককে তেল না পেয়ে ফিরে যেতে হয়েছে। ভিড় সামাল দিতে তেল পাম্প কর্তৃপক্ষকে হিমসিম খেতে হয়। ১২টা পর্যন্ত চলে ভিড়ের তীব্রতা। তবে পেট্রল পাম্প কর্তৃপক্ষ ২০০ টাকার বেশি পেট্রোল দেননি কোন যানবাহন মালিকদের।
তেল না পেয়ে গ্রাহকরা উত্তেজিত হয়ে ওঠে। এ সময় লোকজনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এতে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। রাত বারটার পর নতুন দামে তেল বিক্রি শুরু করে পাম্প মালিকরা।
জ্বালানি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, লিটারপ্রতি ডিজেলের দাম ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, কেরোসিনও লিটারে ৩৪ টাকা দাম বাড়িয়ে ১১৪ টাকা করা হয়েছে। পেট্রোলের দাম লিটারে ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা ও অকটেনের দাম ৪৬ টাকা বাড়িয়ে লিটার প্রতি ১৩৫ টাকা ঘোষণা করা হয়েছে।