ভারতের বারাণসীর জ্ঞানবাপী মসজিদ নিয়ে বিতর্ক তৈরি দীর্ঘদিনের। ‘স্বয়ম্ভু জ্যোতির্লিঙ্গ ভগবান বিশ্বেশ্বর’ নামক একটি সংগঠনের তরফে দাবি করা হয়েছিল যে, মসজিদটি যে জমির উপরে তৈরি, সেখানে আসলে হিন্দু মন্দির ছিল। অবশেষে জ্ঞানবাপী মসজিদের ভিতরেই পাওয়া গেল শিবলিঙ্গ।
আজ সোমবার সকাল ১০ টা ১৫ মিনিট বারণসী কোর্টে এমনই রিপোর্ট পেশ করলেন আদালতের নিয়োজিত কমিশনার। এরপরই ওই অংশ ঘিরে ফেলার নির্দেশ দেয় বারাণসী আদালত।
আজ সকালেই জানা যায় যে, জ্ঞানবাপী মসজিদের ভিতরে একটি কুয়োর মধ্যে শিবলিঙ্গের খোঁজ মিলেছে। বিগত কয়েকদিন ধরে দফায় দফায় যে ভিডিয়োগ্রাফির কাজ চলছিল, সেই কাজ চলাকালীনই শিবলিঙ্গটিকে দেখা গিয়েছে বলেই খবর। আজ মসজিদে ভিডিয়োগ্রাফির শেষদিন ছিল। আগামীকাল সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে।
আদালত থেকে নিযুক্ত বিশেষ আইনজীবী বিশাল সিং জানিয়েছেন, যে পরিস্থিতি পাওয়া গেছে তা রিপোর্টে দেখানো হবে। প্রমাণ কারো পক্ষে বাড়ানো হবে না বা কমানো হবে না। পাশাপাশি তিনি জানিয়েছেন, সমীক্ষা চলাকালীন, উভয় পক্ষই শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সহযোগিতা প্রদান করেছে।
সমীক্ষা দলের এক সদস্য জানান, চত্বরের একাংশে জমে থাকা জল সরানো হয়েছে। পরিষ্কার করার পর পাথরের নিচে চাপা পড়ে থাকা অবস্থায় একটি শিবলিঙ্গ পাওয়া যায়। এই শিবলিঙ্গের উচ্চতা নিচ থেকে প্রায় ২০ ফুট বলে জানা গেছে। যদিও, মুসলিমরা সেটিকে জলের ফোয়ারা হিসেবে অভিহিত করছেন। এখানে ওজু করা হয়। অনেক কষ্টে শিবলিঙ্গটির সন্ধান মেলে বলেও জানান তিনি।
প্রসঙ্গত,পাঁচজন মহিলাও দাবি করেন মসজিদের ভিতরে হিন্দু দেব-দেবীর মূর্তি রয়েছে। এরপরই গতবছর বারাণসী আদালতের তরফে মসজিদের ভিডিয়োগ্রাফির নির্দেশ দেওয়া হয়। তবে মূলত মসজিদের পশ্চিম অংশ এবং নীচের তল, যাকে ‘তেহখানা’ বলা হয়, সেই অংশটিতে ভিডিয়োগ্রাফি করা হবে কিনা, তা স্পষ্টভাবে বলা হয়নি। ফের আর্জি জমা পড়লে, আদালতের তরফে গোটা মসজিদের ভিডিয়ো রেকর্ডিংয়ের নির্দেশ দেওয়া হয়। বারাণসী আদালতের তরফে অজয়কুমার মিশ্র সহ তিনজন পর্যবেক্ষকের অধীনে তিনদিন ধরে ভিডিয়োগ্রাফির কাজ শুরু হয়।
আজ সেই ভিডিয়োগ্রাফির শেষদিনে কড়া পুলিসি নিরাপত্তায় ভিডিয়ো রেকর্ডিং শুরু হয়। ভিডিয়োগ্রাফির সময়ে সাধারণ মানুষের প্রবেশের অনুমতি না থাকলেও, মামলাকারীদের তরফে হাজির এক আইনজীবী জানান, সকালে কুয়ো থেকে জল তোলা হয়। সেখানেই শিবলিঙ্গ দেখতে পাওয়া গিয়েছে দাবি করা হয়েছে।
জানা গিয়েছে যে, ওই কুয়ো বা পুকুরটি ‘ওয়াজ়ু’ অর্থাৎ ইসলাম মতে শুদ্ধিকরণের জন্য ব্যবহৃত হত। শিবলিঙ্গ খুঁজে পাওয়ার রিপোর্টের পরই বারাণসী জেলা আদালতের তরফে ওই অংশটি সিল করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনজীবী বিষ্ণু জৈন জানিয়েছেন, তিনি দেওয়ানী আদালতেও আবেদন জানাবেন।
এদিকে, হিন্দু পক্ষের দাবি, শিবলিঙ্গটি নন্দী মহারাজের সামনে বেসমেন্টের কাছে মসজিদের মাঝখানে সমাহিত রয়েছে। এই বিশালাকার শিবলিঙ্গের রং সবুজ।
প্রসঙ্গত উল্লেখ্য, কাশী বা বারাণসীর বিখ্যাত বিশ্বনাথ মন্দিরের গায়েই রয়েছে এই জ্ঞানবাপী মসজিদ। ঐতিহাসিকরা মনে করছেন যে, একাধিকবার বিদেশি হানাদারদের হামলায় ক্ষতিগ্রস্ত হয় এই মন্দিরটি। তারপরেই ১৬৬৯ সালে মূল মন্দিরটি দখল করে জ্ঞানবাপী মসজিদ তৈরি করেন মুঘল বাদশাহ ঔরঙ্গজেব।
তবে, এখনও ওই মসজিদের দেওয়ালে হিন্দু দেবদেবীর ছবি দেখা যায়। তবে, অষ্টাদশ শতকে হিন্দুদের আবেগকে মান্যতা দিয়েই মসজিদের একদম কাছেই আজকের বিশ্বনাথ মন্দিরটি তৈরি করেন মারাঠা রাজ্য মালওয়ার রানি অহল্যাবাই হোলকর।