চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার নিজ গ্রাম সুখবিলাসসহ আশপাশের গ্রাম খোলা জিপ চালিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার (৩ মে) দুপুরের পর সহধর্মিণী নুরান ফাতেমাসহ তথ্যমন্ত্রী গ্রামের বিভিন্ন বাড়ি ঘুরে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে সকাল সাড়ে আটটায় সুখবিলাস ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন তিনি। নামাজের পর সুখবিলাসস্থ বাড়িতে আত্মীয়-স্বজনসহ দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। আগত অতিথিদের নানা পদের নাস্তা, সেমাই ও বিরিয়ানি দিয়ে আপ্যায়ন করেন তথ্যমন্ত্রী।
তথ্যমন্ত্রী’র ব্যক্তিগত কর্মকর্তা এমরুল করিম রাশেদ জানান,ঈদের দিন বিকেলে সহধর্মিণীকে নিয়ে সুখবিলাসসহ আশপাশের গ্রামবাসীর সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে বের হন তথ্যমন্ত্রী। মন্ত্রী নিজে খোলা জিপ (চাঁদের গাড়ি) চালিয়ে গ্রামের মেঠোপথ ধরে বিভিন্ন বাড়িতে গিয়ে মুরুব্বিদের সালাম বিনিময় ও ঈদ শুভেচ্ছা জানান। এসময় মন্ত্রীর সাথে যোগ দেন সহধর্মিণী নুরান ফাতিমা। এতে দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের মাঝে ঈদের আনন্দ উচ্ছ্বাস দ্বিগুণ উপভোগ্য হয়ে ওঠে।
স্থানীয়রা জানান, পরিবার পরিজন নিয়ে মন্ত্রী এসময় সাধারণ মানুষের সাথে মিশে যান। একপর্যায়ে গ্রামের হাটে একটি চায়ের দোকানে সহধর্মিণীসহ বসে বাল্যবন্ধু, দলীয় নেতাকর্মীসহ স্থানীয়দের নিয়ে চা পান করেন তথ্যমন্ত্রী।
এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চেয়ারম্যান আবু জাফর, তথ্যমন্ত্রীর বাল্যবন্ধু অনুপম বড়ুয়া, মো. নুনু, তাতু বড়ুয়া, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দেন।
স্থানীয় রফিকুল আলম জানান, রাষ্ট্রের একজন মন্ত্রী হয়েও তিনি সবসময় এলাকাবাসীর খোঁজখবর রাখেন। প্রতি ঈদে গ্রামে এসে বাল্যবন্ধু যারা এখন সাধারণ মানুষ তাদের সাথে নিয়ে যেভাবে গ্রামের মানুষের সাথে মিশে যান সেটা এক অনন্য দৃষ্টান্ত। এসময় তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে গ্রামের সকল সম্প্রদায়ের মানুষের খোঁজখবর নেন এবং ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।