গত ১৩ বছরে ডিজিটাইজেশনে সরকারি পর্যায়ে অভাবনীয় অগ্রগতি অর্জিত হয়েছে। তবে শিল্প-বাণিজ্যসহ বেসরকারি খাত আশানুরূপ অগ্রগতিতে পিছিয়ে আছে। সারা পৃথিবী ডিজিটাল কারেন্সির যুগে পা দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, ব্লক চেইন, ক্রিপ্টোকারেন্সি নিয়ে এখন ভাবার সময় এসেছে। ডিজিটাল এই সব যন্ত্র ব্যবহার না করলে আমরা পিছিয়ে যাবো বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
মন্ত্রী আজ ঢাকায় ইনস্টিটিউট অভ্ চাটার্ড একাউন্টেন্ট অভ্ বাংলাদেশ (আইক্যাব)-এর উদ্যোগে ডিজিটাল বিজনেস প্রসেস আন্ডার ইআরপি উইল হেল্প ইন কস্ট ম্যানেজমেন্ট শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ডিজিটাইজেশনে বাংলাদেশের অগ্রগতির চিত্র তুলে ধরে বলেন, বাংলাদেশ বিশ্বের ৮০টি দেশে সফটওয়্যার রপ্তানি করছে। তিনি আইক্যাবের এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি)বিষয়ক সেমিনারকে সময়োপযোগী একটি কর্মকাণ্ড বলে উল্লেখ করে বলেন, ইআরপি বিশাল একটি ক্যানভাস। ছোট্ট পরিসরে এর বিশালতা নিয়ে আলোচনা করা সম্ভব নয়। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী সিদ্ধান্তের ফলে অতীতের শত শত বছরের পশ্চাদপদতা অতিক্রম করে বাংলাদেশ আজ বিশ্বের অনুকরণীয় দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। তিনি ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির সুযোগ কাজে লাগিয়ে সমন্বিত উদ্যোগে ডিজিটাইজেশন প্রচেষ্টা এগিয়ে নেওয়ার পরামর্শ ব্যক্ত করে বলেন, সমন্বিত প্লাটফর্মের মাধ্যমে এই ধরনের উদ্যোগে বাস্তবায়ন করতে পারলে অসাধারণ অর্জন সম্ভব।
আইক্যাব কর্মকর্তা প্রযুক্তিবিদ আতিক এ রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে আইক্যাব কর্মকর্তা শাহাদাত হোসেন, আইসিটিআইএসসি‘র সিইও বিরেন্দ্র নাথ অধিকারি বক্তৃতা করেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইক্যাব কর্মকর্তা শেখ তারেক জহির।