শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো: গত বছরের আগষ্ট মাসে দফায় দফায় বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে মৎস্য চাষীরা। এতে করে রংপুর বিভাগে তুলনামূলক মাছের চাহিদা থাকলেও বাড়ছে না উৎপাদন। তবে এ বিষয়ে কার্যকরী কোন পদক্ষেপ গ্রহন করছেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে, নদী-নালা, খাল-বিল, ডোবা ও উম্মুক্ত জলাশয় থেকে প্রতিনিয়ত মাছ শিকার, ভরাট করা অন্যতম। এ ছাড়াও বিভিন্ন প্রজাতির মাছের চাষ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে এখানকার দেশীয় জাতের মাছ বিলুপ্ত প্রায়। কিন্তু এখনও যেসব জলাশয়ে দেশি প্রজাতের মাছ আছে সেগুলো রক্ষায় কোন পদক্ষেপ নিচ্ছে না মৎস্য বিভাগ। মৎস্য অধিদপ্তর সূত্র জানা গেছে, বর্তমানে রংপুর অঞ্চলে বছরে মাছের চাহিদা প্রায় ২ লাখ ৬৯ হাজার ৯’শ ২৭ মে. টন, উৎপাদন হচ্ছে প্রায় ১ লাখ ৭৭ হাজার ৩ মে. টন । বার্ষিক ঘাটতি প্রায় ৯২ হাজার ৯’শ ২৪ মে. টন । এর মধ্যে রংপুর জেলায় বছরে মাছের চাহিদা প্রায় ৭৮ হাজার ২৬০ মে.টন। উৎপাদন হয় ৩৬ হাজার ৮৪০ মে.টন। ঘাটতি ৪১ হাজার ৪’শ ২০ মে.টন। দিনাজপুরে মাছের চাহিদা ৬৪ হাজার ৪৭৫ মে.টন। উৎপাদন ২৮ হাজার ৫২৫ মে.টন। ঘাটতি ৩৫ হাজার ৯’শ ৫০ মে.টন। নীলফামারীতে চাহিদা ৩৬ হাজার ১৬০ মে.টন। উৎপাদন ১৭ হাজার ৯’শ ২০ মে.টন। ঘাটতি ১৮ হাজার ৬০০ মে.টন। ঠাকুরগাঁওয়ে চাহিদা ৩১ হাজার ৬১৫ মে.টন। উৎপাদন ২১ হাজার ১৫০ মে.টন। ঘাটতি ১০ হাজার ২৪৫ মে.টন। পঞ্চগড়ে মাছের চাহিদা ২৩ হাজার ৩২০ মে.টন। উৎপাদন ১৪ হাজার ২৩০ মে.টন।
ঘাটতি ৯ হাজার ৯০ মে.টন। গাইবান্ধায় চাহিদা ৪৮ হাজার ৬৩১ মে.টন। উৎপাদন ২৬ হাজার ১৬৪ মে.টন। ঘাটতি ২২ হাজার ৪’শ ৬৭ মে.টন। কুড়িগ্রামে চাহিদা ৩১ হাজার ২৫১ মে.টন। উৎপাদন ২০ হাজার ২১৪ মে.টন। ঘাটতি ১১ হাজার ৩৭ মে.টন। লালমনিরহাটে চাহিদা ২৬ হাজার ৬৪৯ মে.টন। উৎপাদন ১২ হাজার ৩২৫ মে.টন। ঘাটতি ১৪ হাজার ৩২৪ মে.টন। রংপুর জেলা সহকারী পরিচালক (মৎস্য) আমিনুর রহমান জানান, মাছের আবাসস্থল না থাকা, মৎস্য অভয়াশ্রম কমে যাওয়া, নদী-নালা শুকিয়ে যাওয়া, পানিরস্তর নিচে নেমে যাওয়া, জলবায়ু পরিবর্তনের কারণে মাছ উৎপাদন কমে যাচ্ছে প্রতিনিয়তই। তিনি আরও বলেন, এই ঘাটতি কাটিয়ে উঠতে গেলে সরকারিভাবে আরও বেশি কার্যকর পদক্ষেপ গ্রহণ আবাসস্থল, অভয়াশ্রম, মানুষকে সচেতন করা, সর্বোপরি এ অঞ্চলের সবচেয়ে বড় নদী তিস্তায় মাছের অভয়াশ্রম করা একান্ত জরুরি। মৎস্য গবেষণা ইনস্টিটিউটের এক গবেষণায় দেখা গেছে, ৫৪ প্রজাতির দেশী মাছ বিলুপ্ত হয়ে গেছে। আরও বিলুপ্তির পথে প্রায় ১২০ প্রজাতির মাছ। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ অনুষদের সংগৃহিত তথ্য ও গবেষণা মতে, বিপন্ন প্রজাতির মাছের মধ্যে রয়েছে আইড়, টেংরা, খোলসে, পাবদা, ঢেলা, চিতল, শালবাইন, কৈ, গজার, ফলি, টাকি, নামাচান্দা রিঠা, বাটা, নান্দিনা, সরপুটি, মহাশোল, চেলাসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ। কাউনিয়ার মৎস্য চাষী আমিনুল ইসলাম জানান, ডিমওয়ালা মাছ নিধন, পুকুর ও জলাশয় থেকে হরহামেশাই মাছ ধরা, জনসাধারণের অসচেতনতা, জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব সর্বোপরি মৎস্য আইন কার্য়কর না হওয়ায় এ মাছের ঘাটতি বাড়ছে। রংপুর বিভাগীয় মৎস্য উন্নয়ন প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক আতাউর রহমান খান জানান, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নলডাঙ্গা নিলকুরশা ঢলকাবিল, রাজারহাট উপজেলার চাকিরপাশা বিল, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বড়দিলা বিল, লালমনিরহাট আদিতমারি উপজেলার দলাইলামাছড়াবিল, গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বিলবস্তা বিলে মাছের অভয়াশ্রম গড়ে তোলা হয়েছে।
এ ছাড়াও আরও ৩০/৪০টি আবাসস্থল গড়ার প্রক্রিয়া অব্যাহত আছে। এদিকে, তিস্তা ব্যারেজ এলাকায় ৭ মাস পানি থাকায় সেখানে মাছ চাষ করার জন্য সরকারী প্রকল্প হাতে নেওয়া হয়েছে। মাছের ঘাটতি সম্পর্কে তিনি বলেন, মৎস্য অভয়াশ্রম স্থাপন, পোনা মজুদ কার্যক্রম গতিশীল করা, প্রদর্শনী পুকুর স্থাপন, প্রশিক্ষণ কার্যক্রম, অভিজ্ঞতা বিনিময়, জলাশয় পুনঃখনন, ডিম নার্সারি স্থাপন, দ্রুতবর্ধনশীল চাষ সম্প্রসারণের যথাসময়ে করতে পারলেই মাছের ঘাটতি অনেকাংশেই কমে আসবে। তবে, রংপুর বিভাগীয় মৎস্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, রংপুর জেলায় নদী রয়েছে ৮টি, বিল-২৩১টি, পুকুর ৩০ হাজার ২৪২টি, খাল ১২টি। দিনাজপুরে নদী ১৮টি, বিল ৫৩টি, পুকুর ৫৬ হাজার ৩১ টি। গাইবান্ধায় নদী ৪টি, বিল ১৯২টি, পুকুর ৩ হাজার ৮৬৫টি ও খাল ৭টি। কুড়িগ্রামে নদী ১৬টি, বিল ১৫২টি, পুকুর ১৯ হাজার ৬৭১টি, খাল ২৫ টি। নীলফামারীতে নদী ১০টি, বিল ২১টি, পুকুর ৩৩হাজার ১৫৪টি ও খাল ১৩ টি। লালমনিরহাটে নদী ৮টি, বিল ৩১টি, পুকুর ২০ হাজার ৮০২টি ও খাল ২৪টি। ঠাকুরগাঁওয়ে নদী ৭টি, বিল ৫২টি, পুকুর ১৩ হাজার ১২২টি, ও খাল ৭টি। পঞ্চগড়ে নদী ২২টি, বিল ২টি, প্লাবনভূমি ১১৬টি, পুকুর ৮ হাজার ৮৭২টি। রংপুর বিভাগে উল্লেখযোগ্য নদ- নদী হলো- তিস্তা, যমুনেশ্বরী, ঘাঘট, করতোয়া, চিকলি, আখিরা , ব্রক্ষ্মপুত্র, ধরলা, দুধকুমার, ফুলকুমার, সোনাভরি, হলহলিয়া, নিলকমর, গঙ্গাধর, শিয়ালদাহ, বোয়ালমারি, কালোনদী, ধরনিনদী, কালজানি, জালবিরা, বুড়িতিস্তা শালকি, বুড়িখোড়া, আত্রাই, কাঞ্চন, ট্যাঙ্গন, ঘৃনই, মহানন্দা ও রন্তাই। এদিকে, সংশ্লিষ্ট মৎস্য চাষীদের অভিযোগ মৎস্য উৎপাদন বিষয়ক কর্মশালা, বিভিন্ন প্রশিক্ষণ, মৎস্য অধিদপ্তের প্রয়োজনীয় পরামর্শ ঠিক সময়ে না পাওয়ায় অনেকাংশ ক্ষতির মূখে পরতে হয় তাদের।