ক্রীড়া ডেস্কঃ মুনির আল হাদ্দাদির জোড়া গোলে কোপা দেলরের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো বার্সেলোনা। এস্পানিওলের বিপক্ষে ২য় লেগের ম্যাচে ২-০ গোলে জয় পেয়ে দুই লেগ মিলিয়ে ৬-১-এর জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে কাতালানরা।
একের পর এক ট্রফি ঝুলিতে পুড়ছে বার্সেলোনা। গত মৌসুমে পাঁচ পাঁচটি শিরোপা ঘরে তোলার পর এবারো যেনো তারা মুখিয়ে আছে শিরোপার স্বাদ পেতে। আর থাকবেই বা না কেন? এ যে বার্সা। সব সময় সেরা হওয়ার কৃতিত্বটা যে চাই তাদের।
এমন সব চিন্তা নিয়েই কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে এস্পানিওলের বিপক্ষে ২য় লেগে মাঠে নামে কাতালানরা। তবে, মুল একাদশে এদিন বার্সা পায়নি নেইমারকে। সেই সাথে নিষেধাজ্ঞার খড়ায় থাকা সুয়ারেজও ছিলেন মাঠের বাইরে।
তাই সদ্যই ব্যালন ডি অর জেতা সর্বকালের সেরা ফুটবলার মেসিকে নিয়েই এস্পানিওলের করনেলা এল প্রাতে লড়াইয়ে নামে বার্সা। যেখানে এস্পানিওলের মাঠ হলেও, ম্যাচের শুরু থেকেই আধিপত্য থাকে লুই এনরিকের শিষ্যদের।
আক্রমণের পর আক্রমণ। ফলস্বরূপ ৩২ মিনিটে গোলের দেখা। মুনির আল হাদ্দাদির একক নৈপুণ্যে লিড পায় আগের লেগে ৪-১ গোলের জয় পাওয়া বার্সা।
এরপর প্রথমার্ধে বেশ কয়েকবার ডিবক্সের কাছাকাছি গিয়েও গোলের মুখ দেখেনি মেসির দল। ফলে, ১ গোল নিয়েই বিরতিতে যেতে হয় অতিথিদের।
বিরতির পর ফিরে আক্রমণের ধার আরো বাড়িয়ে দেয় বার্সেলোনা। কিন্তু নেইমার আর সুয়ারেজদের অভাবটা বেশ ভালোভাবেই এদিন বোঝা যায় ম্যাচে। তাইতো ২য় গোলের দেখা পেতে বেশ খাণিক্ষণ অপেক্ষা করতে হয় কাতালানদের। অবশেষে ৮৮ মিনিটে সেই মুনিরের জোড়া গোলেই লিড দ্বিগুণ করে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা।
এরপর ম্যাচে আর কোন গোল না হওয়ায় দুই লেগে ৬-১ গোলের জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার আনন্দ নিয়ে মাঠ ছাড়ে বার্সা।