বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলায় যমুনা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমছে না তলিয়ে যাওয়া নিম্নাঞ্চলের পানিবন্দি মানুষের।
আজ শনিবার দুপুর ১২টায় ধীর গতীতে পানি কমে বিপৎসীমার ১১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বাড়িঘর থেকে নামেনি বানের পানি। উল্টো পানিবন্দি অবস্থায় আটকে থেকে নিরাপদ সুপেয় পানিসহ খাদ্য সংকটে ভুগছেন তারা।
জানা গেছে, উজানের ঢলে ও অতিবর্ষণে দুই সপ্তাহ আগে থেকে যমুনা নদীর পানি বেড়ে ১২ জুন সকাল ৬টার দিকে বিপৎসীমা অতিক্রম করে। অব্যাহত পানি বৃদ্ধির ফলে ১৭ জুন সকাল ৬টার দিকে বিপৎসীমার ১২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। একই দিন দুপুর ১২টা থেকে যমুনা নদীর পানি ধীরে ধীরে কমছে। তারপরও সারিয়াকান্দির শনপচা, মাঝিড়া, বোহাইুল, আওলাকান্দিচর ও ধুনটের রাধানগর ও বৈশাখীচরসহ অনান্য চরের অধিকাংশ স্থানেই পানি জমে আছে।
যমুনার পানির তীব্র স্রোতে নদী ভাঙন শুরু হয়েছে। এতে করে বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো হুমিকর মুখে পড়েছে। এ ছাড়া তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি, রাস্তা-ঘাট। পানিবন্দি এলাকার অসংখ্য মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্র, বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ উঁচু জায়গাগুলোতে আশ্রয় নিয়েছেন। এ ছাড়া যমুনা চরে বসবাসকারী অনেকে ঘর-বাড়ি ভেঙে নৌকায় করে নদীতীরে চলে আসছেন। বন্যার দুর্যোগ থেকে স্থায়ী সমাধান খুঁজতে তারা চরের পৈত্রিক ভিটেমাটি ছেড়ে আসছেন। একদিকে করোনা দুর্যোগের মাঝে বন্যা অন্যদিকে বৃষ্টিতে এসব মানুষদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
অন্যদিকে এসব এলাকার অসুস্থ ও প্রতিবন্ধী মানুষ কষ্টে রয়েছেন। চারপাশে বন্যার পানির মধ্যে শিশুদের নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন বানভাসীরা। বন্যা কবলিত এলাকার ধান, পাটসহ আবাদী জমির মৌসুমী ফসল পানিতে নিমজ্জিত হয়েছে। এসব এলাকায় নিরাপদ পানি ও গো-খাদ্যের চরম সংকট রয়েছে। এদিকে বাঙালি ও ইছামতি নদীতে পানি বেড়ে নদীতীরের গ্রামগুলো প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ক্ষেতের ফসল।
বগুড়া জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আজাহার আলী জানান, সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার ১৮টি ইউনিয়নের ১৫০টি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। পানিবন্দি পরিবারের সংখ্যা প্রায় ৩০ হাজার ৬২২। বন্যায় দুর্ভোগে পড়েছে বর্তমানে ১ লাখ ২২ হাজার ৩২০ জন মানুষ। বন্যাদুর্গতদের মাঝে এ পর্যন্ত ২০০ মেট্রিক টন চাল, ৭ লাখ টাকা ও ৩ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।