× Banner

শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে বিএনপি

admin
হালনাগাদ: সোমবার, ৪ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: বিএনপি ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতির জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে। একই সঙ্গে দলের নেতারা অনুমতি পাওয়ার ব্যাপারে আশাবাদীও। তাই এখনই বিকল্প কিছু ভাবছে না তারা।

গতকাল রবিবার বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। নেতারা আরো জানান, সমাবেশ ঘিরে সংঘাত হতে পারে এমন কোনো কর্মকাণ্ড যাতে না হয়, সেদিকে দৃষ্টি রাখছেন বিএনপির নীতি নির্ধারকরা।

এদিকে সোহরাওয়ার্দী উদ্যানে একই সময়ে সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে অনুমতি চেয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

বিএনপির নেতারা বলছেন, সরকার ‘এমন চালাকি’ করবে সে ধারণা আগে থেকেই ছিল তাদের। কিন্তু শেষ পর্যন্ত বিএনপি সমাবেশ করতে না পারলে সরকার সমালোচনার মুখে পড়বে বলে মনে করেন তারা।

রবিবার বিএনপির কেন্দ্রীয় কার‌্যালয়ে সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, শেষ পর্যন্ত সোহরাওয়ার্দীতে না হলেও নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি দিলে তাদের কোনো আপত্তি থাকবে না।

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের আন্দোলনের মধ্যেই ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তাতে ২০ দলীয় জোটসহ আরো অনেক দল অংশ নেয়নি। এরপর থেকে বিএনপি ৫ জানুয়ারি দিনটি ‘গণতন্ত্র হত্যা দিবস’ ও আওয়ামী লীগ ‘গণতন্ত্র রক্ষা দিবস’ বলে পালন করছে।

৫ জানুয়ারি নির্বাচনের এক বছর পূর্তি ঘিরে গত বছর মার্চ পর্যন্ত টানা তিন মাস অবরোধ-হরতালে উত্তপ্ত ছিল সারা দেশ। এ সময়ে পেট্রলবোমার আগুনে হতাহত হয় অনেকে। আন্দোলনে সহিংসতার অভিযোগে ব্যাপক ধরপাকড় করা হয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের। হামলা-মামলা-ধরপাকড়ে বছরজুড়ে কোণঠাসা থাকে সরকারবিরোধী দলগুলো।

সেই ৫ জানুয়ারি ঘিরে আওয়ামী লীগ ও বিএনপি আবার মুখোমুখি হলো। আওয়ামী লীগ ঘোষণা করেছে, তারা সেদিন সোহরাওয়ার্দীতে অনুমতি না পেলে বঙ্গবন্ধু এভিনিউসহ রাজধানীর ১৮টি স্থানে সমাবেশ করবে।

এদিকে বিএনপিও সমাবেশের পাশাপাশি ঘরোয়াভাবে প্রতিবাদ সমাবেশ করার চিন্তা করছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

দলের একটি সূত্র জানায়, শেষ পর্যন্ত সমাবেশ করতে না দিলে এর প্রতিবাদে এবং পৌর নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ করে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করতে পারে বিএনপি।

বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদীন ফারুক বলেন, “আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করব। কারণ কর্মসূচির আগের দিন রাতেও অনুমতি দেয়ার নজির আছে। সে কারণে এখনই আমরা সমাবেশের বিকল্প কিছু ভাবছি না।  আশা করি আমরা অনুমতি পাব।”


এ ক্যটাগরির আরো খবর..