পূর্ব বিরোধের জেরে কক্সবাজার শহরে প্রতিপক্ষ জবাই করে হত্যা করে সাইদুর রহমান নামে এক ব্যক্তিকে। এতে আহত হয়েছে আরো তিনজন। পুলিশের দাবি, ইয়াবা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকান্ড ঘটেছে।
শনিবার রাত ৮ টার দিকে কক্সবাজার শহরের পাহাড়তলীর ইউসূলের ঘোনায় এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর থানার পরিদর্শক (অপারেশন) মো. মাসুম খান। এদিকে পুলিশ ঘটনায় জড়িত আলমগীরের বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা সেবনের বেশকিছু সামগ্রী উদ্ধার করলেও তাকে গ্রেপ্তার করতে পারেনি।
নিহত সাইদুর রহমান ওরফে বিডিআর ছৈয়দ (৬০) কক্সবাজার পৌরসভার পাহাড়তলী ইউসূলের ঘোনার মৃত গোলাম কবিরের ছেলে। ঘটনায় আহত হয়েছে, নিহতের স্ত্রী লাভলী আক্তার (৪৮), ছেলে মানিকুর রহমান ওরফে জুয়েল (৩০) ও ভাই খোরশেদ আলম (৪৭)।
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে মাসুম খান বলেন, কক্সবাজার শহরের পাহাড়তলী ইউসূলের ঘোনার বাসিন্দা ফরিদের ছেলে আলমগীর নিজের বাড়িতে ইয়াবা বিক্রির পাশাপাশি সেবনের আসর বসাত। এ নিয়ে প্রতিবেশী সাইদুর রহমান ওরফে বিডিআর ছৈয়দ ও তার পরিবারের লোকজন প্রতিবাদ জানায়। এছাড়া আলমগীরের পরিবারের লোকজন এবং ইয়াবা কিনতে আসা লোকজন সাইদুর রহমানের বাড়ীর সীমানা দিয়ে আসা-যাওয়া করত। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল।
‘সম্প্রতি আলমগীর ইয়াবা ব্যবসা নিয়ে বেপরোয়া হয়ে উঠে। দিন-রাতে অপরিচিত লোকজনের আনাগোনা বেড়ে যাওয়ায় আলমগীরদের চলাচলের পথ বন্ধ করে দেয়।’
ওসি বলেন, ‘শনিবার রাতে পূর্ব বিরোধের জেরে সাইদুর রহমানের উপর প্রতিপক্ষ আলমগীরের লোকজন সংঘবদ্ধ হয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করতে আসলে তাদের উপরও হামলা চালায়। এতে সাইদুর রহমানসহ ৪ জন আহত হয়।’
আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাইদুর রহমানকে মৃত ঘোষণা করেন বলে জানান মাসুম।
ওসি জানান, প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সাইদুর রহমানের ঘাড়ের গভীর ক্ষত হয়েছে। এছাড়া তার ছেলের মানিকুর রহমান ওরফে জুয়েলের অবস্থাও আশংকাজনক। নিহতের ভাই ছৈয়দ আলম বলেন, আলমগীর একজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। সে নিজের বাড়ীতে ইয়াবা বিক্রির পাশাাপাশি সেবনের আসর বসাত। এ নিয়ে তার বড় ভাই সাইদুর রহমান প্রতিবাদ ও বাধা দেয়ায় এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি করেন তিনি।
ওসি মাসুম জানান, ঘটনার পর জড়িত আলমগীরের বাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা সেবনের বেশকিছু সরঞ্জাম উদ্ধার করেছে। তবে তাকে আটক করা সম্ভব হয়নি।
ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।