আবুল কালাম আজাদ, যশোর : করোনার কারণে সাংস্কৃতিক সূতিকাগার যশোরে এ বছর বাংলা নববর্ষ উদযাপন হয়েছে ভিন্ন আঙ্গিকে। দিবসটি উদাপন করতে অনেকে বেছে নিয়েছে ফেসবুক প্লাটফর্মকে আবার অনেকে বাড়ির আঙ্গিনায় ছোট পরিসরে সংগঠনের শিশুদের নিয়ে আয়োজন করেছে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক নেতৃবৃন্দের আশা করোনার বিরুদ্ধে মানবতার জয় হবে এবং আগামী নববর্ষে সাড়ম্বরে উদযাপন করা হবে বাংলা নববর্ষ।
বাংলা নববর্ষ উদযাপনের অন্যতম অনুসঙ্গ মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছে সাংস্কৃতিক কর্মকান্ডের সূতিকাগার যশোর থেকে। ৩৫ বছর ধরে নববর্ষের সকালে বের হয় এ শোভাযাত্রা। যা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পায়। করোনার কারণে মানুষ ঘরবন্দি হওয়ায় এ বছর বন্ধ রয়েছে মঙ্গল শোভাযাত্রাসহ সকল প্রকার আনুষ্ঠানিকতা। তবে ঘরে বসেও যে যার মত উদযাপন করছে দিবসটিকে। এ জন্য অনেকে বেছে নিয়েছে ফেসবুক প্লাটফর্মকে। ফেসবুকে নববর্ষের বার্তা প্রদানসহ লাইভ গানের অনুষ্ঠানও করেছে অনেক সংগঠন। যাদের একটি যশোরের পুণশ্চ যশোর। তারা আজ সকাল ৯টায় এসো হে বৈশাখ গানের মধ্যে দিয়ে নববর্ষের অনুষ্ঠানের সুচনা করে। প্রায় এক ঘন্টা গান গেয়ে ফেসবুকে মানুষকে বিনোদিত করে। এছাড়া শেকড় সংগঠনের উদ্যোগে বাড়ির আঙ্গিনায় সংগঠনের শিশু সদস্যদের নিয়ে আয়োজন করা হয় সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের।
চারুপীঠ যশোরের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ জানান, সংগঠনের ফেসবুক পেজে ভিডিও বার্তা প্রদানের মাধ্যমে এ বছর নববর্ষ উদযাপন করেছি। তিনি বলেন, ১৯৮৫ সালে যশোরের চারুপীঠ থেকে বাংলা নববর্ষ উদযাপনের অন্যতম অনুসঙ্গ মঙ্গলশোভাযাত্রা শুরু হয়। টানা ৩৫ বছর ধরে যশোরসহ সারাদেশে মঙ্গল শোভাযাত্রা হয়। কিন্তু করোনার কারণে মানুষ ঘরবন্দি হওয়ায় এবছর মঙ্গল শোভাযাত্রা হলো না। তবে আশাকারি করোনার বিরুদ্ধে যুদ্ধে জয়ী হবো এবং আগামী নববর্ষ সাড়ম্বরে উদযাপন করবো।
পুণশ্চ যশোরের উপদেষ্টা সুকুমার দাস বলেন, প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে ঘরেই নববর্ষ উদযাপনের উদ্যোগ নেয়া হয়েছে। তিনজন শিল্পী ও দুজন বাদ্যযন্ত্রীকে নিয়ে ঘরে বসে সংগীত পরিবেশন করা হয়েছে যা ফেসবুক লাইভের মাধ্যমে সংগঠনের কর্মী ও যশোর সংস্কৃতিমনাদের দেখার ব্যবস্থা করা হয়েছে। প্রায় এক ঘন্টা এ অনুষ্ঠান চালানো হয়। পরে লুচি, তরকারি ও মিষ্টি মুখের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।
শেকড় যশোরের সভাপতি রওশন আরা রাসু জানান, প্রতিবছরই বড় আয়োজন থাকে। তবে এবার করোনার কারণে কোন আয়োজন করা হয়নি। সংগঠনের ক্ষুদে সদস্যদের চাওয়ার কারণে আমার বাড়ির আঙ্গিনায় ছোট পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিষ্টি মুখের আয়োজন করেছে। সামাজিক দুরত্ব বজায় রেখেই এ অনুষ্ঠান করা হয়। দেড় ঘন্টাব্যাপী এ অনুষ্ঠানে গান ও নাচ পরিবেশন করেন সংগঠনের সদস্যরা। আশাকরি আগামী বছর করোনা মুক্ত হবে দেশ এবং নববর্ষ উদযাপন হবে আগের মত মহা আয়োজনে।
যশোর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু বলেন, অদৃশ্য শত্রুর সাথে সারা বিশ্ব যুদ্ধ করছে। এ পরিস্থিতে যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অনলাইন এবং ঘরোয়া পরিবেশে নববর্ষ উদযাপন করছে। আমার সংগঠন বিবর্তন যশোরও ভিডিও কনফারেন্সের মাধ্যমে আড্ডা ও কবিতা, গান-বাজনা করবে। আশাকরি করোনার বিরুদ্ধে মানবতার জয় হবে এবং আগামী নববর্ষে সাড়ম্বরে উদযাপন করা হবে বাংলা নববর্ষ।