নিবন্ধের শুরুতেই বাবর আয়াজ বলেন, ৪৩টি বছর ধরে প্রতিবছর ডিসেম্বরে আমরা পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি আলোচনা করি। এর মধ্যে অধিকাংশ আলোচনাই হয় ১৯৭১ সালে পরিচালিত সেনা অভিযানকে ঘিরে। ওই সময় অবশ্যই এটা সবচেয়ে বড় ভুল ছিল। তবে আজকের যে বাংলাদেশ তা ওই ভয়াবহ নয় মাসে সৃষ্টি হয়নি। পূর্ব পাকিস্তানের লোকদের সঙ্গে পশ্চিম পাকিস্তানের শাসক শ্রেণি ও সেনাবাহিনী, যারা পূর্বকে উপনিবেশ বানাতে চেয়েছিল, তাদের ভুলের কারণে এর সৃষ্টি। পূর্ব পাকিস্তানের জন্য এটা ছিল স্বাধীনতার যুদ্ধ, যাতে ভারত সহযোগিতা করেছে। কারণ, দ্বিজাতিতত্ত্ব যে ভুল, তা প্রমাণের জন্য তাদের আমরা সুযোগ দিয়েছিলাম ’
নিবন্ধে বাবর আয়াজ তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ও গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ পূর্ব পাকিস্তানের ওপর উর্দুকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন সে ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, ‘বাঙালিকে শহীদ মিনার দেওয়ার মধ্য দিয়ে ১৯৫৪ সালে সংবিধানের তৃতীয় সংশোধনীর মাধ্যমে বাংলাকে দাপ্তরিক ভাষা হিসেবে মেনে নেয় পশ্চিম পাকিস্তানিরা। নিবন্ধের একটি বড় অংশজুড়ে বাবর তৎকালীন পূর্ব পাকিস্তানের ওপর পশ্চিম পাকিস্তানিরা যে অর্থনৈতিক শোষণ করেছে, তার একটি বিবরণ দিয়েছেন। তিনি বলেন, ভিয়েনায় এক দল গবেষক ‘হোয়াই বাংলাদেশ’ শীর্ষক যে গবেষণা করেছিলেন, তাতে পাকিস্তানের কর্মকর্তাদের কাছ থেকে সংগ্রহ করা নথিতে দেখা গেছে, কীভাবে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে শোষণ করেছে।
১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের প্রধান সামরিক শাসক ছিলেন জেনারেল টিক্কা খান। স্বাধীনতাযুদ্ধের সময় বাঙালির ওপর যে নিষ্ঠুরতা তিনি চালিয়েছেন সে জন্য তাকে ‘বাংলার কসাই’ হিসেবে আখ্যা দেওয়া হয়। ১৯৭৯ সালে জেনারেল জিয়াউল হক জুলফিকার আলী ভুট্টোকে ফাঁসিতে ঝুলিয়েছিলেন। ১৯৭৯ সালে ভুট্টোর সাবেক এই সহযোগী পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) মহাসচিব হন।
বাবর আয়াজ বলেন, ‘ওই সময় জেনারেল টিক্কা খানকে আমি বলেছিলাম, আমার দৃষ্টিতে তাদের গণতন্ত্রের বিষয়ে কথা বলা উচিত নয়। কারণ তারা পূর্ব পাকিস্তানে আড়াই লাখ বাঙালিকে হত্যা করেছিল। টিক্কা খান তখন সোজাসাপ্টা বলেছিলেন, ‘আপনারা গণমাধ্যমকর্মীরা সব সময় সংখ্যা অনেক বাড়িয়ে বলেন। সেনা অভিযানে মাত্র ৩৫ হাজার বাঙালিকে হত্যা করা হয়েছিল।’
প্রবীণ এই সাংবাদিক বলেন, ‘জার্মানি কী ভুল করেছিল তা পরবর্তী প্রজন্মকে জানানোর জন্য সেখানে জাদুঘর আছে। পুরোটাই ভারতের ষড়যন্ত্র- গুটিপোকার মতো এই বিশ্বাসের সঙ্গে বাস করার পরিবর্তে পশ্চিম পাকিস্তানের সঙ্গে আমরা যে ভুল করেছি, তার জন্য আমরা কী ক্ষমা চাইতে সমর্থ হব?’