যশোর প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানার এএসআই রফিক আটককৃত ১৩টি সোনার বার নিয়ে পালিয়ে গেছেন।
এ ঘটনায় গোটা পুলিশ প্রশাসনে তোলপাড় শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে ওই এএসআই এর বিরুদ্ধে পোর্ট থানায় মঙ্গলবার সকালে মামলা হয়েছে। মামলা নং-৩২। এ ঘটনায় পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা পোর্ট থানা পরিদর্শন করেছেন।
সোমবার সন্ধ্যায় ওই সোনাসহ রেজাউল নামে একজনকে আটক করে থানায় রেখে সোনা নিয়ে পালিয়ে যান এএসআই রফিক। রফিক নড়াইলের বাঐসোনা গ্রামের হেমায়েত উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, পোর্ট থানার পুলিশের এএসআই রফিকসহ ও পুলিশের অপর দুই সদস্য সোমবার সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের আব্দুল হামিদের বাড়ির সামনে থেকে ১৩টি সোনার বারসহ ওই গ্রমের সাইদুর মল্লিকের ছেলে রেজাউলকে (২৮) আটক করে থানায় নিয়ে আসেন। তাকে থানা হাজতে রেখে সন্ধ্যার পর এএসআই রফিক পালিয়ে যান। পরে রেজাউলকে জিজ্ঞাসাবাদ করলে সোনা আটকের বিষয়টি প্রকাশ হয়ে পড়ে।
আটক রেজাউল জানায়, সে শরীরে বহন করে ওই সোনা ভারতে পাচার করার জন্য রঘুনাথপুর সীমান্তে যাওয়ার সময় তাকে এএসআই রফিক আটক করেন। তার শরীর তল্লাশ করে ১৩টি সোনার বার পকেটে নিয়ে তাকে থানাহাজতে ঢুকিয়ে দেয়। পরে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি তাদের জানানো হয়।
এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে, সোনা বাহক আরও একজন ছিল। তার কাছ থেকেও সোনা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তাদেও দু’জনার কাছে প্রায় ৩০টি বার ছিল। থানা পুলিশের এক কর্মকর্তার নির্দেশে এ কাজ করা হয়েছে বলে ওই সূত্রটি জানায়।