বিনোদন প্রতিবেদক: মঞ্চস্থ হতে যাচ্ছে ত্রিংশ শতাব্দী নাটকটি শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে। ১৪ ডিসেম্বর, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে প্রদর্শিত হবে স্বপ্নদলের ৭৬তম এ প্রযোজনাটি। বাদল সরকারের মূলরচনা অবলম্বনে দর্শকনন্দিত প্রযোজনাটি রূপান্তরসহ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি, এমপি এ প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলেও জানিয়েছেন নির্দেশক।
নাটকের কাহিনি প্রসঙ্গে নির্দেশক জাহিদ রিপন জানান, যুদ্ধোন্মাদনার বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ ত্রিংশ শতাব্দীর মূলকাহিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকির আনবিক বোমা বিস্ফোরণের বিষাদময় পরিণতি। এর সমান্তরালে গুরুত্বের সঙ্গে উপস্থাপিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বসনিয়া, আফগানিস্তান, পাকিস্তান-ভারত, ইরাকে আগ্রাসন, গাজার সাম্প্রতিক বর্বরতার প্রসঙ্গ।
ত্রিংশ শতাব্দী নাটকের শিল্পীরা হলেন, জুয়েনা শবনম, ফজলে রাব্বী সুকর্ন, সামাদ ভূঞা, শিশির সিকদার, আমজাদ শরীফ, মোস্তাফিজুর রহমান, মাধূরী বেপারী সুমি, জেবুন নেসা, সাইদুল ইসলাম, রেজাউল মাওলা, মেহেদী রানা, তানভীর শেখ, জাহিদ রিপন প্রমুখ।
২০১২ সালে যুদ্ধবিরোধী সচেতনতা সৃষ্টিতে ত্রিংশ শতাব্দী প্রযোজনার নিয়মিত প্রদর্শনীর পাশাপাশি বাঙালির স্বাধীনতা ও বিজয়ের মাসে দু’টি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে আসছে । সেই ধারাবাহিকতায় ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’-এ ত্রিংশ শতাব্দী’র এ বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।