ঢাকা, ৮ আষাঢ় (২২ জুন) : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশের মানুষের উন্নয়নের জন্য সরকার নানা ধরনের উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। এর সুফলও পাচ্ছে দেশের মানুষ। এরপরও যদি সরকারের চলার পথে ভুল থাকে তা ধরিয়ে দিতে নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি।
মন্ত্রী আজ রাজধানীর ব্রাক সেন্টারে ‘ইকোনোমি অভ্ বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার দেশের উন্নয়নে ভালো কাজ করছে। সরকার পদ্মা সেতু তৈরি করছে। পদ্মা সেতু উন্মুক্ত হলে দেশের মানুষ এর সুফল পাবে। এজন্যই দেশের মানুষ আমাদের সঙ্গে আছে। তাই উন্নয়ন কাজে কেউ বাধা দিলে জনগণই প্রতিরোধের দেয়াল তৈরি করবে।
অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাবেক এমপি সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, স্থপতি মোবাশ্বের হোসেন, এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ প্রমুখ।