একদা-অবহেলিত প্যারাগুয়েপ্রবাসী বাংলাদেশীদের সাথে দ্বিতীয়বারের মত বাংলা নববর্ষ উদযাপন করলো ব্রাজিলের বাংলাদেশ দূতাবাস। ১৪২৫ বাংলা বছরে প্রথমবারের মত এ আয়োজন করা হয়েছিল সিউদাদ ডেল এস্তে শহরে। প্যারাগুয়েপ্রবাসী শতশত বাংলাদেশীদের আগ্রহে এবারও দূতাবাস বাংলা নববর্ষ ১৪২৬ বরনের এ আয়োজন করে ব্রাসিলিয়া থেকে প্রায় দুই হাজার কিলোমিটার দূরের এ শহরে। পৃথিবীর অনেক দেশে বাংলাদেশীরা নিম্নমানের কাজে নিয়োজিত থাকলেও প্যারাগুয়েতে বসবাসকারী বাংলাদেশীদের অধিকাংশই গড়ে তুলেছেন ইলেক্ট্রনিক্স সামগ্রী বা কাপড়চোপড়ের ব্যবসা। অত্যন্ত স্বচ্ছল এই প্রবাসী বাংলাদেশীরা সেখানকার সমাজেও সুপ্রতিষ্ঠিত। স্হানীয় প্রশাসন বা রাজনৈতিক নেতৃত্বের সাথে বন্ধুত্বপূর্ণ সামাজিক ও ব্যবসায়িক সম্পর্ক প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাঁরা প্যারাগুয়ান জনগনের মাঝে প্রতিষ্ঠা করেছেন এক অভূতপূর্ব পারস্পরিক শ্রদ্বা ও সম্মানের সম্পর্ক।
রাজনীতিবিমুক্ত ও সম্পূর্ণ ঐক্যবদ্ধ প্যারাগুয়েবাসী এই প্রবাসী বাংলাদেশীগণ সারা বিশ্বে ছড়িয়ে থাকা আমাদের প্রবাসী সমাজের জন্য এক অনন্য দৃষ্টান্ত হতে পারেন, যারা তাঁদের ব্যবসায়িক ব্যুৎপত্তি ও কর্মদক্ষতার গুনা ক্ৰমশঃ প্যারাগুয়ের রাজনীতিতেও শক্তিশালী হয়ে উঠছেন। প্যারাগুয়ের সমাজে তাঁদের এ সম্মানজনক অবস্থান আগামী দিনগুলিতে বাংলাদেশ-প্যারাগুয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে নিয়ামকের ভূমিকা পালন করবে নিঃসন্দেহে।
গতবছরের মত এবারও নববর্ষ উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল দু’দিনব্যাপী বৈশাখী অনুষ্ঠানমালা। বৈশাখের আগমনের পূর্বরাতে পরিবেশিত হলো চারঘন্টাব্যাপী এক সাংষ্কৃতিক অনুষ্ঠান। বাঙালি ও প্যারাগুয়ান শিল্পীদের পরিবেশনায় আয়োজিত মনমাতানো এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি হয়ে উঠেছিল যেন হাজার বছরের ঐতিহ্যবাহী দুই শক্তিশালী সংস্কৃতির মিলনমেলা।
বাঙালিদের ঐতিহ্যবাহী ভাওয়াইয়া, ভাটিয়ালি আর দেশাত্ববোধক নাঁচ-গানের তালে তালে যখন হল উপচেপড়া বাঙালী আর প্যারাগুয়ান দর্শককুল মাতোয়ারা, তখনই আবির্ভাব ঘটে বিশ্বখ্যাত প্যারাগুয়ের লোকনৃত্যদলের। প্যারাগুয়ানদের এই অসাধারণ আর বর্ণিল নাঁচ পরিবেশনা মন্ত্রমুগ্ধ করে রাখে শতশত দর্শককে মধ্যরাত অব্দি। অনুষ্ঠানে প্যারাগুয়ের বেশকিছু রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিত্ব উপস্থিত থেকে প্যারাগুয়ের প্রবাসী বাংলাদেশী কমিউনিটির প্রতি তাঁদের সম্মান ও আস্থা প্রকাশ করেন। প্যারাগুয়েতে এমন একটি আয়োজনের মাধ্যমে দুটি দেশের জনগনের মধ্যে পারস্পরিক জানাশোনা বাড়ানোর, আর তার মাধ্যমে দুদেশের মধ্যে সার্বিক সম্পর্কোন্নয়নে ভূমিকা রাখার জন্য উপস্থিত প্যারাগুয়ান নেতৃবৃন্দ বাংলাদেশ দূতাবাসকে অভিনন্দন জানান। অনুষ্ঠানের শেষে প্যারাগুয়ের একটি টিভি চ্যানেল বাংলাদেশের নববর্ষ, সাংস্কৃতিক ঐতিহ্য, বাংলাদেশের লোক-কারুশিল্প, ইত্যাদি বিষয়ে এক সাক্ষাৎকার গ্রহণ করে।
বৈশাখী এই আয়োজনের দ্বিতীয় দিনে বসে দিনব্যাপী বৈশাখীমেলা। দিনের শুরুতে অনুষ্ঠিত হয় প্যারাগুয়েপ্রবাসী শত শত বাংলাদেশী আর দূতাবাস-পরিবারের সদস্যদের উচ্ছল অংশগ্রহণে বৈশাখী আনন্দ শোভাযাত্রা আর মঙ্গল শোভাযাত্রা। মাঠভরা খাবার আর ঐতিহ্যবাহী রকমারি পণ্যের পসরা সাজিয়ে বসা স্টলগুলোতে ছিল দিনভর আনাগোনা। উপচেপড়া ভীড়ের মধ্যে দেখা গেল বেশকিছু প্যারাগুয়ান আর অন্য দেশের উৎসাহী দর্শককেও!
বৈশাখীমেলার অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশের নানান ঐতিহ্যবাহী খেলাধুলার প্রতিযোগিতার আয়োজন। মেলায় আগত আবালবৃদ্ধবনিতা দিনব্যাপী অনুষ্ঠিত নানান প্রতিযোগিতায় অংশ নিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেন। ফাঁকেফাঁকে নয়নাভিরাম ইটাইপু লেকে নৌকাভ্রমনও করেন। দিনশেষে ঘরে ফেরার পালা। তার আগে রাষ্ট্রদূত মোঃ জুলফিকার রহমান প্যারাগুয়েপ্রবাসী বাংলাদেশীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। প্রবাসী বাংলাদেশীরা গত একবছর থেকে নিয়মিতভাবে প্যারাগুয়েতে দূতাবাসের কনস্যুলার দল পাঠিয়ে তাঁদেরকে সেবা দেয়ার জন্য বর্তমান রাষ্ট্রদূতকে অকুন্ঠ ধন্যবাদ জানান। এমনকি নববর্ষ উপলক্ষ্যে এত আয়োজনের মধ্যেও প্যারাগুয়েপ্রবাসী বাংলাদেশীদেরকে কনস্যুলার সেবা দেয়ার জন্য তাঁরা দূতাবাসের বর্তমান কর্মকর্তাদের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা আশা প্রকাশ করেন যে, দূতাবাসের এই ব্যতিক্রমী প্রবাসীবান্ধব কার্য্যক্রম আগামী দিনগুলিতেও চালু থাকবে।
রাষ্ট্রদূত জুলফিকার তাঁর বক্তব্যে ব্রাসিলিয়া থেকে দুই হাজার কিলোমিটার দূরে এই বৈশাখী আয়োজনে দূতাবাসকে সর্বাত্মক সহযোগিতা দেয়ার জন্য সকল প্যারাগুয়েপ্রবাসী বাংলাদেশীদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বিশেষ করে সাংষ্কৃতিক অনুষ্ঠানের শিল্পীবৃন্দকে তিনি ধন্যবাদ জানান এই দূরদেশে বাংলাদেশকে এত সুন্দর আর সুচারুভাবে বিদেশীদের সামনে তুলে ধরার জন্য। সুন্দর একটি আনন্দ ও মঙ্গল শোভাযাত্রা, যেটি এখন বিশ্ব-ঐতিহ্যের অংশ, আয়োজনের জন্যও তিনি সবাইকে কৃতজ্ঞতা জানান। আজকের শিশু-কিশোরদেরকে আগামীদিনের আলোকবর্তিকা হিসাবে আখ্যায়িত করে রাষ্ট্রদূত প্যারাগুয়েপ্রবাসী বাংলাদেশীদের সন্তানদেরকে বাংলা ভাষা ও সংষ্কৃতির সাথে অব্যাহতভাবে যোগাযোগের সুযোগ করে দেয়ার জন্য তাদের পিতামাতাদের প্রতি আহবান জানান।
আজকের শিশুদেরকে যেন শেকড়হীন এক প্রজাতির পরিণতি মেনে নিতে না হয় এজন্য তিনি পিতামাতাদেরকে তাঁদের কর্তব্যের কথা স্মরণ করিয়ে দেন। এই শিশু-কিশোররা যেন বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্য আগামী দিনগুলিতে বিশ্ব-প্রাঙ্গনে তুলে ধরতে পারে, বাংলাদেশের উন্নয়নযাত্রায় অবদান রাখতে পারে–সেভাবে এই প্রজন্মকে গড়ে তোলার জন্য রাষ্ট্রদূত সবাইকে আহবান জানান। এছাড়াও গত তিন দশকে প্যারাগুয়েতে প্রবাসী বাংলাদেশীরা যে সুনাম অর্জন করেছেন তাঁদের সততা ও কর্মদক্ষতা প্রদর্শনের মাধ্যমে, সে ধারাটিও যেন অক্ষুন্ন থাকে সে ব্যাপারেও রাষ্ট্রদূত জুলফিকার সবার সহযোগিতা কামনা করেন। ব্রাজিলের বাংলাদেশ দূতাবাস প্যারাগুয়েপ্রবাসী বাংলাদেশীদের জন্য তাদের বর্তমান সেবামূলক কার্য্যক্রম আরো জোরদার করবে বলেও তিনি অঙ্গীকার করেন। সবশেষে সারাদিনব্যাপী হরেক রকমের বাংলার ঐতিহ্যবাহী খেলায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।