শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো: উত্তরের আট জেলায় এবার চলতি রবি মৌসুমে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। যেদিকে চোখ যায় মাঠে ময়দানে এখন শুধুই সরিষা ফুলের হলুদ রঙ্গের চোখ ধাঁধাঁনো বর্ণালী সমারোহ। মৌমাছির পরাগায়ণে গুণগুণ শব্দে ফুলের রেনু থেকে মধু সংগ্রহের এক অপরূপ প্রকৃতির দৃশ্য সত্যিই যেন মনোমুগ্ধকর এক সপ্নীল মুহুর্ত। তবে চলতি বছরে দফায় দফায় বন্যার কারণে রংপুর বিভাগের আট জেলায় রোপা-আমন ধানের ব্যাপক ক্ষতি হয়। আর তাই দ্রুত বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে বন্যার ক্ষতি পুষিয়ে নিতে হাড়হামেশায় কৃষকরা সবাই মাঠে মাঠে আবাদ করেছেন আগাম জাতের রবি শস্যে।
বন্যা পরবর্তী সময়ে সরকার কৃষকদের মাঝে কৃষি উপকরণ, সার, বীজ বিনামূল্যে যথাসময়ে পৌছেঁ দেয়ায় এ অঞ্চলের ক্ষতিগ্রস্থ কৃষকদের পক্ষে আগাম জাতের সরিষা চাষ করা সম্ভব হয়েছে। তবে চলতি রবি মৌসুমে কোন প্রকার প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় এবং রবি শস্য চাষে প্রাকৃতিক পরিবেশ অনুকূলে থাকায় সরিষার বাম্পার ফলনের সম্ভবনা দেখা দিয়েছে শস্য ভাণ্ডার বলে ক্ষ্যত রংপুর অঞ্চলে।
কিন্তু গ্রামীণ জনপদের কৃষকরা যদি যথাসময়ে সরিষা ঘরে তুলতে পারেন এবং বাজার মূল্য ভালো পান তবেই বন্যায় ক্ষতির পরিমান অনেকটাই পুষিয়ে নিতে পারবে। তবে শুরুতে সরিষা ক্ষেতে কিছুটা পোকা-মাকড়ের আনা-গোনা দেখা দিলেও মাঠ পর্যায়ে কৃষি অফিসের পক্ষ থেকে যথাযথ পরামর্শ ও প্রত্যক্ষ কারিগরি সহযোগিতায় ক্ষেতে অনেকটা রোগ-বালাই মুক্ত রয়েছে। এদিকে বন্যার পরবর্তী সময়ে ক্ষতি পুষিয়ে নিতে প্রান্তিক চাষিরা কিছুটা বাধ্য হয়ে অন্যের জমি বর্গা নিয়ে সরিষা, আলু, গম ও ভুট্টা চাষ শুরু করেছেন।
রংপুর বিভাগে চলতি রবি মৌসুমে ৫৭ হাজার ১৫৪ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। এর বিপরীতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৫ হাজার ৭২৭ টন। গত মৌসুমের তুলনায় এবার শস্যটি আবাদে জমির পরিমাণ বেড়েছে ৪ হাজার ৪০৫ হেক্টর। এরই মধ্যে বাজারে উঠতে শুরু করেছে নতুন প্রজাতের সরিষা। রংপুর কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, ২০০৯ থেকে ২০১৫ পর্যন্ত সরিষা আবাদে জমি বেড়েছে ২২ হাজার ৪৭৪ হেক্টর। ২০০৯-১০ মৌসুমে রংপুর বিভাগে ৩৪ হাজার ৬৮০ হেক্টর জমিতে শস্যটির চাষ হয়। এর বিপরীতে উৎপাদন হয়েছিল ৩৭ হাজার ৭৭২ টন। ২০১০-১১ মৌসুমে ৩৮ হাজার ৬৪ হেক্টরে ৪৩ হাজার ৬৩৮ টন, ২০১১-১২ মৌসুমে ৪৪ হাজার ৮৩ হেক্টরে ৪৫ হাজার ২০০ টন এবং ২০১২-১৩ মৌসুমে ৫২ হাজার ৫২২ হেক্টর জমিতে উৎপাদন হয় ৬৫ হাজার ৫০৬ মে. টন সরিষা। এছাড়া ২০১৩-১৪ মৌসুমে ৫২ হাজার ৭৪৯ হেক্টরে ৬৫ হাজার ৭৬৭ টন পণ্য উৎপাদন হয়। চলতি মৌসুমে ৫৭ হাজার ১৫৪ হেক্টর জমিতে শস্যটি চাষ হয়েছে। চলতি মৌসুমে জেলাওয়ারি সরিষা চাষের পরিসংখ্যান অনুযায়ী রংপুরে ৫ হাজার ৫৩০ হেক্টর, গাইবান্ধায় ৭ হাজার ৯০, কুড়িগ্রামে ১৩ হাজার ২১, লালমনিরহাটে ১ হাজার ৬২০, নীলফামারীতে ৩ হাজার ৬৯৮, দিনাজপুরে ১৪ হাজার ৮০০, ঠাকুরগাঁওয়ে ৯ হাজার ৮০০ এবং পঞ্চগড়ে ১ হাজার ৫৯৫ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে।
বর্তমানে কৃষকরা মাঠ থেকে সরিষা সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন। রংপুর সদর উপজেলার চন্দন পাট ইউনিয়নের মাটির হাট এলাকার কৃষক আব্দুল হালিম। তিনি বলেন, নভেম্বরের মাঝামাঝিতে ৪ দোন (১ দোন ২৫ শতক) জমিতে সরিষা আবাদ করেন। এরই মধ্যে সরিষা ঘরে তুলেছেন। প্রায় সাত মণ সরিষা পেয়েছেন। প্রতি দোনে সরিষা চাষে তার খরচ হয়েছে প্রায় ২ হাজার টাকা। কৃষি বিপণন অধিদফতর সূত্রে জানা গেছে, দুই সপ্তাহ থেকে বাজারে নতুন সরিষা আসা শুরু হয়েছে। নতুন সরিষা প্রতি মণ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ৪০০ টাকা। একই পরিমাণ পুরনো সরিষা বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৮০০ টাকায়।
রংপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক জুলফিকার হায়দার বলেন, অতিরিক্ত ফসল হিসেবে সরিষা আবাদ বেশ লাভজনক। সরিষা আবাদে তেমন একটা খরচ লাগে না। বারি-১৪, ১৫ জাতের বেশকিছু উফশী সরিষা আবাদের ফলে ৮০-৮৫ দিনের মধ্যে ফলন ঘরে তোলা সম্ভব। উৎপাদনও ভালো হয়। প্রতি হেক্টরে উৎপাদন ১ দশমিক ৫ থেকে ১ দশমিক ৬ টন।। সর্বোপরি সব মিলিয়ে ভালো বাজার দর পাবেন বলে আশাবাদী কৃষকেরা।