রাজধানীর সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে শুরু হয়েছে তিন দিনব্যাপি ‘রাধারমণ সঙ্গীত উৎসব–২০১৮’। বৃহস্পতিবার বিকেলে এ উৎসব উদ্বোধন করেন শ্রীহট্টের আঞ্চলিক গান ও রাধারমণ সঙ্গীতের প্রবীণ শিল্পী হিমাংশু বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি সচিব নাসির উদ্দিন আহমেদ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্বজিৎ ঘোষ ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সি এম তোফায়েল বারী। আলোচক ছিলেন সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি তপন মাহমুদ ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী।
রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্রের সভাপতি মাহমুদ সেলিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি ডা. হারিসুল হক ও শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্বজিৎ রায়। রাধারমণের গানের দুই প্রবীণ শিল্পী হিমাংশু বিশ্বাস ও শাহ মো. ছুরত মিয়াকে সংবর্ধনা দেয়া হয়।
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় গানের পালা। একক কণ্ঠে দীপ্তি রাজবংশী গেয়ে শোনান ‘বাঁশি রে পরানের বাঁশি’ ও ‘ভ্রমর কইও গিয়া’। চন্দনা মজুমদার গেয়ে শোনান ‘শ্যাম দাও আনিয়া বৃন্দে গো’ ও ‘এহন মায়ার কান্দন আর কাইন্দো না’। শাহনাজ বেলী গেয়ে শোনান ‘যুগল মিলন হইল গো’ ও ‘পিরীতি বিষম জ্বালা’। আবুবকর সিদ্দিক গেয়ে শোনান ‘যাওরে ভ্রমর উড়িয়া’ ও ‘কারে দেখাব মনের দুঃখ রে’। সন্দীপন গেয়ে শোনান ‘শ্যামকালিয়া সোনা বন্ধুরে’ ও ‘ওরে আইজ কেনরে প্রাণের সুবল’। লাভলী দেব গেয়ে শোনান ‘সারা নিশি কই ছিলায়রে রসরাজ’ ও ‘আমায় পাগল করল গো’। সৃজ্যোতি রায় ও সৃজন রায় দ্বৈত কণ্ঠে গেয়ে শোনান ‘কুঞ্জ সাজাও গিয়া’।সহজিয়া কথার লোককবি রাধারমণ দত্ত পুরকায়স্থ। নানা আঙ্গিকে তিন হাজারের বেশি গান বেঁধেছিলেন তিনি। তার স্মরণ উৎসবে গীত হবে রাধারমণের কীর্তন, দেহতত্ত্ব, ধামাইল ও ভাটিয়ালি গান।
আজ শুক্রবার উৎসবের দ্বিতীয় দিনে গান করবেন সিলেট, মৌলভীবাজার, নবীগঞ্জ, হবিগঞ্জ ও শ্রীমঙ্গলের শিল্পীরা। পরশু শনিবার সমাপনী দিনে করবেন সুনামগঞ্জ ও জগন্নাথপুরের শিল্পীরা। অষ্টমবারের মতো যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে শিল্পকলা একাডেমি ও রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্র। এ আয়োজনে সহযোগিতা করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, সোনালী ব্যাংক ও গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স।