স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ১৭আগস্ট’২০১৮: ঝিনাইদহে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহতসহ আহত হয়েছে কমপক্ষে ১৪ জন। শুক্রবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কেয়াবাগান নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসে ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুর রহমান জানান, খুলনা থেকে রূপসা পরিবহনের পলাশ ট্রাভেলসের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-১৭০৯) কুষ্টিয়া যাচ্ছিল। পথিমধ্যে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কেয়াবাগান তেল পাম্পের নিকট পৌছালে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে কমপক্ষে ১৪ জন আহত হয়। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের দুটি টিম উদ্ধার কাজে অংশনেয়।
অপরদিকে কালীগঞ্জ সরকারী মাহতাব উদ্দীন কলেজের সামনে সকাল ১০টার সময় আলমসাধুর চাকা খুলে নিয়ন্ত্রয় হারিয়ে রাস্তার পাশের মেহগুনি গাছের সাথে ধাক্কা লেগে শহিদুল ইসলাম পিকুল (৩২) নামের এক আলমসাধু চালক মারাত্বক আহত হয় । পরে স্থানীয়রা আহত আলমসাধু চালকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত আলমসাধু চালক শহিদুল ইসলাম পিকুল উপজেলার দূর্গাপুর গ্রামের আকবার আলীর ছেলে।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান বিষয়টি নিশ্চত করেছেন। এছাড়াও ঝিনাইদহ সদরের সাধুহাটি গালর্স স্কুল এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোররাতে। তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।
ঝিনাইদহ সদর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) এমদাদুল হক শেখ জানান, রাতে জেলা সদরের ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের সাধুহাটি গালর্স স্কুলের পাশে সড়কের উপর ক্ষত বিক্ষত একটি মরাদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে টহল পুলিশ সেখানে গিয়ে মরাদেহ উদ্ধার করে। রাতে ট্রাক অথবা বাসের চাপায় সে নিহত হতে পারে বলেও জানান ওসি। লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।