বিনোদন ডেস্ক: ‘বেঙ্গল ক্লাসিকাল মিউজিক ফেস্টিভ্যাল ২০১৫’ আগামীকাল থেকে রাজধানীর আর্মি স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে। এ শাস্ত্রীয় সঙ্গীতের বৃহত্তম আসরের অন্যতম প্রধান আকর্ষণ সরস্বতী বীণাবাদক ড. জয়ন্তী কুমারেশ। প্রথমবারের মতো বাংলাদেশে তিনি বাজাবেন বিলুপ্তপ্রায় সরস্বতী বীণা। তার কিছু কথা…
ড. জয়ন্তী কুমারেশ বহুমুখী বীণাবাদক। তার বেড়ে ওঠা ভারতের তামিলনাডু এলাকায়। পরিবারের সঙ্গীত আবহের কারণেই তার শিল্পী হয়ে ওঠা। বংশ পরম্পরায় তার পরিবারের বিগত ছয় প্রজন্ম কর্নাটক সঙ্গীতের তালিম নিয়েছে। মাত্র তিন বছর বয়সে তার মা লালগুডি রাজলক্ষ্মীর কাছে সরস্বতী বীণায় তার হাতেখড়ি। পরে তিনি পদ্মাবতী অ্যানানথাগোপালানের কাছে গুরুকুল ধারায় দীক্ষা গ্রহণ শুরু করেন। তাছাড়া তিনি সুন্দরম বালাচন্দরের কাছে বীণা মায়েস্ত্রো শেখার সুযোগ লাভ করেন। তার স্বামী বিখ্যাত ভায়োলিনবাদক কুমারেশ রাজাগোপালান।
তিনি ‘অ্যানালাইটিক্যাল স্টাডি অব ডিফারেন্ট বাণিজ অ্যান্ড প্লেয়িং টেকনিকস অব দ্য সরস্বতী বীণা’ শীর্ষক নিবন্ধের জন্য ‘ইউনিভার্সিটি অব মিসর’ থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। কর্নাটক নিবাসী এই শিল্পী ওস্তাদ জাকির হোসেনের সঙ্গে বীণা বাজিয়ে প্রশংসিত হয়েছেন। এ ছাড়া ন্যাশনাল অর্কেস্ট্রায় তিনি নিয়মিত বীণা বাদক হিসেবেও কাজ করেন। সঙ্গীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি তামিলনাডু সরকারের কাছ থেকে কালাইমামানি পদক অর্জন করেন।