যশোর থেকে ই.আর.ইমনঃ যশোরে ফের কথিত বন্দুক যুদ্ধে তিন জনের মৃত্যু হয়েছে। রোববার দিনগত রাতে গুলিবিদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়। পুলিশের ভাষ্য, মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে এই তিনজন নিহত হন। এর আগে গত দুই দিন একইভাবে ৪ জনের মৃত্যুর ঘটনা ঘটে। গত তিন দিনের ব্যবধানে বন্দুক যুদ্ধে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭ জনে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা, এসআই অরুণ কুমার দাস এবং উপশহর ক্যাম্পের ইনচার্জ আবদুর রহিমের দেয়া তথ্য মতে, রোববার গভীর রাতে সদর উপজেলার খোলাডাঙ্গা ও মন্ডলগাতির মাঝামাঝি ফাঁকা জায়গায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধের খবর পায় পুলিশ। ঘটনাস্থলে পুলিশ ফোর্স গেলে অস্ত্রধারীরা পালিয়ে যায়। সেখান থেকে উদ্ধার করা হয় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ আর দুটি শাটারগান ও দুই রাউন্ড গুলির খোসা।
অন্যদিকে একই ধরনের কাহিনি ঘটে সদর উপজেলার তরফনওয়াপাড়া গ্রামের জনৈক নওয়াব আলীর মেহগনিবাগানে। সেখানে হাজির হয়ে পুলিশ দুটি মরদেহ, দুটি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি, গুলির খোসা এবং ৪০০ পিস ইয়াবা উদ্ধার করে। মরদেহ তিনটি সোমবার ভোর চারটা থেকে সাড়ে চারটার মধ্যে জেনারেল হাসপাতালে আনা হয়। তার মধ্যে একজন শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ট্যাংরা জামতলার রহমান গাজীর ছেলে সিরাজুল ইসলাম দুখি ও অন্যজন একই উপজেলার মহিষকুন্ডা গ্রামের হারুনর রশিদের ছেলে মুত্তাজুল মোড়ল।
নিহত সিরাজুল ইসলাম দুখির ছেলে রিপন হোসেন দাবি করেন, তার বাবা একজন কৃষক। পরশু দিনগত ভোররাতে দুটি সাদা মাইক্রোবাসে করে ৭-৮ ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে বাড়িতে গিয়ে তার বাবাকে ধরে নিয়ে যায়। এর পর আমার বাবার আর কোনো সন্ধান পাইনি। সকালে লোকমুখে খবর শুনে যশোর জেনারেল হাসপাতাল মর্গে এসে দেখতে পাই আমার বাবা খালি গায়ে একটি চেক লুঙি পরা মাথার পেছনে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে।
নিহত মুত্তাজুল মোড়লের বড়ভাই সোহরাব হোসেন প্রায় একই ধরনের তথ্য দেন। তিনি জানান, গতপরশু দিনগত ভোররাতে সেহরির সময় দুটি সাদা মাইক্রোবাসে করে কয়েক ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে তার ভাইকে তুলে নিয়ে যায়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান মেলেনি।
সোমবার সকালে খবর পেয়ে হাসপাতালে মর্গে এসে দেখি, আমার ভাই মুত্তাজুল মোড়লের লাশ পড়ে আছে। তার মাথার পেছনে গুলি করা হয়েছে। তবে এই সব তথ্যের সঙ্গে দ্বিমত পোষণ করছে পুলিশ। যশোর কোতয়ালী থানার ইনসপেক্টর (তদন্ত) আবুল বাশার বলেন, মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে তিনজন মারা যায়। তিনি উল্লেখিত দুইজনের পরিচয় নিশ্চিত করেন। এখন পর্যন্ত একজনের পরিচয় পাওয়া যায়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এর আগে শনিবার দিনগত রাতে গুলিতে নিহত হন ডালিম নামের এক যুবক। আর শুক্রবার দিনগত রাতে অভয়নগরে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছিলেন তিন মাদক ব্যবসায়ী।