বিশেষ প্রতিবেদকঃ গত ৭০ বছর ধরে মানুষের অধিকার আদায়ে কমিউনিস্ট পার্টি জনতার সাথে ছিল এখনও আছে এবং আগামী দিনেও লড়াইয়ের সামনে থাকবে। নিপীড়ন-নির্যাতন সহ্য করে কমিউনিস্টরা মানুষের মুক্তির কথা বলেছে। বললেন সিপিবি সূত্রাপুর থানার সভাপতি কমরেড আবু তাহের বকুল।
‘সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ, লুটপাটতন্ত্র, গণতন্ত্রহীনতা নিপাত যাক’ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সূত্রাপুর থানার উদ্যেগে আজ লোহারপুলে পার্টির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লাল পতাকা উত্তোলন করা হয় এবং লাল পতাকা মিছিলে তিনি এসব কথা বলেন।
পার্টির পতাকা উত্তোলন করেন সিপিবি সূত্রাপুর থানার সভাপতি কমরেড আবু তাহের বকুল। পতাকা উত্তোলনের পর কমরেড আবু তাহের বকুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা কমিটির সাধারণ সম্পাদক সাজেদুল হক রুবেল, থানা কমিটির সাধারণ সম্পাদক কমরেড বিকাশ সাহা, কমরেড জাহিদ হোসেন খান ও কমরেড সাইফুল ইসলাম সমীর।
বক্তারা বলেন, সাম্প্রদায়িকতা আজ যেকোন সময়ের রেকর্ড ভেঙ্গেছে, মাদ্রাসা শিক্ষাকে চালু রেখে এবং সংবিধানে ধর্মভিত্তিক রাজনীতি করার বিধান রেখে কখনই সাম্প্রদায়িকতা রুখে দেয়া যায় না। শিক্ষক হুমায়ূন আজাদ থেকে শুরু করে জাফর ইকবাল সবই সাম্প্রদায়িক রাজনীতির পৃষ্ঠপোষকতার ফসল। সাম্রাজ্যবাদের আগ্রাসনে রোহিঙ্গাসহ বিভিন্ন ঘটনা ঘটছে। দেশ আরো গভীর সংকটে পড়তে যাচ্ছে। ব্যাংকে চলছে হরিলুট। হাজার হাজার কোটি টাকা অবাধে লুট হচ্ছে। আর এই লুটপাটে সহায়তা করছে খোদ সরকার। কোটি কোটি ডলার পাচার হচ্ছে এবং বিদেশে সেকেন্ড হোম গড়ে তুলছে এই লুটপাটকারিরা। এখনই এদের থামাতে হবে। গণতন্ত্র হুমকির মুখে। মানুষকে কথা বলতে দেয়া হচ্ছে না। রাজনৈতিক কর্মকান্ডে বাধা দেয়া হচ্ছে। সন্ত্রাসী-লুটপাটকারিরা সরকারি দলের ছত্রছায়ায় থেকে সরকারকে ক্ষমতায় রাখছে আর সেই সুযোগে নিজেদের আখের গুছাচ্ছে। এই রকম বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ হয় নাই। কোনভাবেই এই অবস্থা মেনে নেয়া যায় না।
ব্রিটিশ বলি আর পাকিস্তান স্বাধীনতার পর বাংলাদেশ যখনই অন্যায় হয়েছে, শোষণ হয়েছে কমিউনিস্টরা প্রতিবাদ করেছে। সামনেই নির্বাচন কমিউনিস্টরা এবারও কাস্তে মার্কা নিয়ে নির্বাচনে যাবে। জনতার সমর্থনে কমিউনিস্টরা ক্ষমতায় আসতে চায়। যদিও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আজ সুদূর পরাহত। পেশিশক্তি ও কালো টাকার নির্বাচনে জনগণের প্রাণ আজ উষ্ঠাগত। এবারে জোড় সংগ্রাম করতে হবে, এবারের সংগ্রাম হবে শোষন থেকে মানুষের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম হবে মুক্তিযুদ্ধের স্বপ্নস্বাধ বাস্তবায়নের সংগ্রাম। যুগে যুগে কালে কালে মানুষের জয় হয়েছে। মেহনতি মানুষের জয় অনিবার্য।



