৩৭ কোটি টাকা শুল্ক ফাঁকি বন্ড সুবিধায়

অর্থনৈতিক প্রতিবেদক: বন্ড সুবিধায় পণ্য এনে খোলা বাজারে বিক্রির মাধ্যমে সরকারের বিপুল অংকের রাজস্ব ফাঁকি দিয়েছে মেসার্স ফেডারেল কর্পোরেশন। মেসার্স ফেডারেল কর্পোরেশনের বিরুদ্ধে ৩৭ কোটি ৭৩ লাখ ৩ হাজার ৭৩৩ টাকা শুল্ক ফাঁকির প্রমাণ পাওয়া গেছে।

সরকারের বিপুল অংকের রাজস্ব ফাঁকি দেওয়ায় এ কোম্পানির বিরুদ্ধে মামলার সুপারিশ করা হয়েছে।

ঢাকার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা সিপু সরকার স্বাক্ষরিত এক চিঠির সূত্র ধরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। যার অনুলিপি এনবিআর ও বাংলাদেশ ব্যাংকে দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, এলসি জাল করে মিথ্যা ঘোষণায় পণ্য ছাড় করা হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান মিথ্যা ঘোষণায় এলসি জাল করে পণ্য আমদানি করার বিষয়টি প্রাথমিকভাবে প্রমানিত হয়েছে। যা শাস্তিযোগ্য অপরাধ।

এনবিআর সূত্র আরো জানায়, নারায়নগঞ্জের ফতুল্লায় মেসার্স ফেডারেল করপোরেশন লিমিটেড রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠান হিসাবে বন্ড সুবিধাভোগ করে আসছে। বন্ড সুবিধার আওতায় প্রতিষ্ঠানটি ১১ হাজার ৫৪৬ দশমিক ৫০ মেট্রিক টন বিভিন্ন প্রকার কাঁচামাল আমদানি করে। যার শুল্কায়নযোগ্য মোট মূল্য ৬৫ কোটি ৯১ লাখ ৪ হাজার ৯৬৭ টাকা।

আর বন্ড সুবিধা ব্যবহার করে আমদানিকৃত পণ্য খোলা বাজারে বিক্রি করে প্রতিষ্ঠানটি সরকারের ৩৭ কোটি ৭৩ লাখ ৩ হাজার ৭৩৩ টাকা রাজস্ব হাতিয়ে নিয়েছে।

এ বিষয়ে শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান বলেন, অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে কাস্টমস আইনের ১১১ ধারা অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা হয়েছে। শিগগিরই জরিমানাসহ ফাঁকি দেওয়া সরকারী রাজস্ব আদায় করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।