৩৬ জুলাইয়ে তরুণরা শক্তি ও সাহস জুগিয়েছে – স্বাস্থ্যমন্ত্রী

৩৬ জুলাইয়ে তরুণরা শক্তি ও সাহস জুগিয়েছে – স্বাস্থ্যমন্ত্রী
৩৬ জুলাইয়ে তরুণরা শক্তি ও সাহস জুগিয়েছে - স্বাস্থ্যমন্ত্রী

২০২৪ সালের গণঅভ্যুত্থানে ৩৬ জুলাইয়ে তরুণরা আন্দোলনে শক্তি ও সাহস জুগিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন।

আজ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সহকারী সচিব মোঃ গোলাম রাজ্জাকের পুত্র ৩৬ জুলাই গণঅভ্যুত্থানে শহিদ নাসিব হাসান রিয়ানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে  একথা বলেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার ৫৩ বছরে আমরা যে সাহস দেখাতে পারিনি, ৩৬ জুলাইয়ে সেই সাহস দেখিয়েছে তরুণরা। স্বৈরাচার বিরোধী আন্দোলনে বীরের মতো লড়াই করেছে তারুণ্য শক্তি। বাংলাদেশের আন্দোলন সংগ্রামে তরুণদের বিরাট ত্যাগ রয়েছে। তাদের অবদানে এই দেশ এগিয়ে যাবে।

শহিদ নাসিব হাসান রিয়ানের অবদানের কথা স্মরণ করে মন্ত্রী বলেন, ‘ছেলেটির এই অকালে শাহাদাৎ কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। তার পিতামাতা তাদের সন্তানকে হারিয়েছেন। এই শোক প্রকাশের কোনো ভাষা আমার জানা নেই। সেইসঙ্গে এই অবস্থায় পিতামাতাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা হতে পারে না, যে পিতামাতা তাদের সন্তানের লাশ নিজেদের কাঁধে বহন করছেন।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা কেবল শোক প্রকাশ করতে পারি এবং তাদের পাশে থেকে সমবেদনা জানাতে পারি। এই গভীর কষ্ট ও বেদনা কেবল ভুক্তভোগী পরিবারই উপলব্ধি করতে পারছে, অন্য কেউ তা পুরোপুরি অনুভব করতে পারবে না।’

এসময় মন্ত্রী শহিদ নাসিব হাসান রিয়ানের আত্মার মাগফেরাত ও পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সেখানে উপস্থিত শহিদ রিয়ানের বাবা মোঃ গোলাম রাজ্জাককে সান্ত্বনা দেন।

বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুল খালেক (উপসচিব, স্বাস্থ্য সেবা বিভাগ) এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব এবিএম আব্দুস সাত্তার, স্বাস্থ্য সচিব মোঃ কামরুজ্জামান চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত সচিব মোঃ ওবায়দুর রহমান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী  প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।