বিশেষ প্রতিবেদকঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মুহূর্তে বিচারাধীন ৩১ টি মানবতাবিরোধী অপরাধ মামলা রয়েছে। আর আপিল নিষ্পত্তির অপেক্ষায় আছে ২১টি। অগ্রাধিকার ভিত্তিতে এসব মামলার শুনানি করতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে। তবে, অ্যাটর্নি জেনারেল বলছেন, অগ্রাধিকার ভিত্তিতেই এসব মামলা আপিল বিভাগের কার্যতালিকায় রয়েছে। যদিও গতবছর আপিলে কোনো মামলারই শুনানি হয়নি।
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ২০১০ সালের ২৫ শে মার্চ গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গঠনের পর থেকে এ পর্যন্ত ৩১ টি মামলায় শীর্ষ যুদ্ধাপরাধী গোলাম আযম, মতিউর রহমান নিজামী, মীর কাশেম আলীসহ ৬৮ জনের সাজা হয়। মৃত্যুদণ্ড কার্যকর হয় ৬ আসামির।
ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সহ সমন্বয়ক এম সানাউল হক আপিল বিভাগে মানবতাবিরোধী অপরাধ মামলাগুলোর অগ্রাধিকারভিত্তিতে শুনানি না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন। তবে, রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা মাহবুবে আলম বলছেন, আপিল বিভাগে বিচারক সঙ্কট রয়েছে। তবে এ মামলাগুলো কার্যতালিকাতে আছে।
আর যুদ্ধাপরাধীদের বিচার শেষ করতে আবারো আরো একটি ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধির দাবি প্রসিকিউশনের। সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিচারে ধীরগতির ব্যাপারে সুস্পষ্ট কিছু জানাতে পারেননি প্রসিকিউটর রানা দাশগুপ্ত।
তদন্ত সংস্থা বলছে প্রতি মাসেই তারা নতুন অভিযোগ পাচ্ছেন। এ মুহূর্তে ৩৫১৭ জনের বিরুদ্ধে ৬৬৪ টি অভিযোগ রয়েছে। বর্তমানে তদন্তাধীন রয়েছ ৩০টি অভিযোগ।



