অর্ক গাঙ্গুলী, ভারত প্রতিনিধিঃ ভারতের দক্ষিণ ২৪ পরগনায় হিন্দু ধর্ম, ভারতীয় সেনা, নেতাজী সুভাষ চন্দ্র বসু ও বিজেপির সাংসদ লকেট চ্যাটার্জীকে নিয়ে অশ্লীল পোস্ট ও কুরুচিকর মন্তব্য করায় রোজিবুল মোল্লা নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সকাল থেকে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে রোজিবুল মোল্লার বিতর্কিত পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়। সর্বপ্রথমে রোজিবুল ভারতীয় সেনাকে অপমান করে পোস্ট করে বলেছিল যে, ‘পাকিস্তান যখন ভারতীয় সেনাকে হত্যা করে তখন আমার মন খুশিতে ভরে যায়।”
এখানেই থেমে থাকেনি অভিযুক্ত। এরপর আরেকটি পোস্টে সুভাষ চন্দ্র বসুকে চরম অপমান করে ওই যুবক। এখানেই শেষ না। হিন্দু ধর্ম, হিন্দু দেব-দেবীকে নিয়েও একের পর এক বিতর্কিত পোস্ট করে রোজিবুল মোল্লা। আর সেই পোস্ট গুলোর জেরেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সে। আরেকটি পোস্টে বিজেপির সাংসদ লকেট চ্যাটার্জীকে গণধর্ষণ করার ইচ্ছেও প্রকাশ করে ওই যুবক।

বিজেপি এবং হিন্দু সংহতির পক্ষ সভাপতি দেবতনু ভট্টাচার্য এবং হিন্দু সংহতির কার্যকরতা টোটন ওঝা রোজিবুলের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন। তার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বিকেলে দক্ষিণ ২৪ পরগণা জেলার জয়নগর এলাকা থেকে অভিযুক্ত রোজিবুল মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। হিন্দু সংহতির সভাপতি দেবতনু ভট্টাচার্য পুলিশের এই ভূমিকার প্রশংসা করেন এবং নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে জানান যে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোশ্যাল মিডিয়ায় এরকম একের পর এক বিতর্কিত পোস্টের কারণে হিন্দুত্ববাদী সংগঠন এবং বিজেপির কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। আর এর জেরে পুলিশের কাছে অভিযোগও দায়ের হয়। অবশেষে গ্রেফতার হল রোজিবুল মোল্লা।




