বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু)ঃ বহুল আলোচিত হলমার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারির দুই মামলায় সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার (জিএম) আবুল হোসেনের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত।
রোববার ঢাকার এক নম্বর বিশেষ জজ আতাউর রহমানের আদালতে প্রতিষ্ঠানটির মালিক তানভীর মাহমুদসহ ১৯ জনের বিরুদ্ধে আংশিক সাক্ষ্য দেন। একই সঙ্গে বিচারক আগামী ৮ নভেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
সাক্ষী আবুল হোসেন মামলা দুইটিতে দুদকের পক্ষের দুই নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন। মামলা দুইটির মধ্যে একটি মামলায় তিনি গত ২৩ জুলাই, ৩০ আগস্টও আংশিক জবানবন্দি প্রদান করেন। অপর মামলায় তিনি রোববারই জবানবন্দি প্রদান করা শুরু করলেন।
মামলার আসামীদের মধ্যে তানভীর মাহমুদসহ ৭ জন আসামী কারাগারে আছেন। জামিনে আছেন তানভীরের স্ত্রী জেসমিন ইসলাম উভয় মামলায় জামিনে থাকলেও তিনি মতিঝিল থানার অপর একটি মামলায় কারাগারে রয়েছেন। সাক্ষ্য গ্রহণকালে তানভীর ও তার স্ত্রীসহ হাজতী আসামীদের আদালতে হাজির করা হয়।
গত ২০১৬ সালের ২৭ মার্চ মামলাগুলোয় চার্জ গঠন করে ঢাকা মহানগর দায়রা জজ আদালত। পরবর্তীতে মামলাগুলোর সাক্ষ্যগ্রহণ আদালতে পাঠানো হয়। একই আদালতে একই প্রকারের আর ৯টি মামলা বিচারাধীন রয়েছে।
২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর ১১ টি মামলায় মোট ২৫ আসামীদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে দুর্নীতি দমন কমিশন।
গত ২০১২ সালের ৪ অক্টোবর রাজধানীর রমনা থানায় তানভীর মাহমুদসহ ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা করে দুদক। মামলায় আসামীদের সোনালী ব্যাংকের শেরাটন (বর্তমানে রূপসী বাংলা) হোটেল শাখা থেকে ভুয়া কাগজপত্র দিয়ে ২ হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ করা হয়।