আজ ঢাকায় ইস্কাটনস্থ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে সেশেলসে জনশক্তি প্রেরণের বিষয়ে বাংলাদেশ ও সেশেলস প্রতিনিধিদলের এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সুষ্ঠু, নিয়মতান্ত্রিক ও দায়িত্বশীল প্রক্রিয়ায় কর্মী প্রেরণ এবং সেশেলস-এর সকল খাতে বাংলাদেশের কর্মীদের নিরাপদ কর্মসংস্থানের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। কর্মী প্রেরণের বিষয়ে কাঠামোগত ব্যবস্থাপনার আওতায় একটি চুক্তি স্বাক্ষরের বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে। প্রতিনিধিগণ আশা প্রকাশ করে বলেন, সেশেলস-এ বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারিত হলে দুই দেশই লাভবান হবে।
আলোচনার এক পর্যায়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ সভায় উপস্থিত হয়ে নিরাপদ ও নিয়মতান্ত্রিক শ্রম অভিবাসনের প্রয়োজনে করণীয় সকল উদ্যোগ গ্রহণ করা হবে বলে সেশেলস প্রতিনিধিদের অবহিত করেন।
প্রতিনিধিদলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনের নেতৃত্বে উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস, বোয়েসেল এর ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তী, মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ ফজলুল করিম, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আফ্রিকা) মোঃ তরিকুল ইসলাম, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ রফিকুল হাসান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোঃ মোশাররফ হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব সানজিদা শারমিন এবং মরিশাসস্থ বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (শ্রম) মোঃ অহিদুল ইসলাম।
সেশেলস প্রতিনিধিদলে ছিলেন সেশেলস সরকারের এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি জুল্স বাকের (Jules Baker), ফরেন অ্যাফেয়ার্সের প্রিন্সিপাল সেক্রেটারি ড. মেরিনা কনফেই (Dr. Marina Confait), প্রধান ইমিগ্রেশন কর্মকর্তা মিশেল এলিজাবেথ (Michel Elizabeth), ফরেন ডিপার্টমেন্টের দ্বিতীয় সচিব (ইন্টারন্যাশনাল ল’ এন্ড হিউম্যান রাইটস ইউনিট) তেরেসা লরেনসিন (Teresa Laurencine) এবং বাংলাদেশে নিযুক্ত সেশেলসের কনসাল মোঃ আমিরুজ্জামান।



