তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাইকেল চালানোর অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন সুস্থ ,সুন্দর জীবন গড়ে তুলতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া যানজট, শব্দ দূষণ মুক্ত ও কার্বন নিঃসরণমুক্ত পরিবেশ সৃষ্টিতেও সহায়তা করে।
প্রতিমন্ত্রী আজ ডাকসু ভবন প্রাঙ্গণে শোকের মাস আগস্ট স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে আয়োজিত সাইকেল রা্লির উদ্বোধন পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ডাকসুর জিএস ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী এবং ডাকসুর এজিএস ও ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
প্রতিমন্ত্রী বলেন তরুণদের মাদক, জঙ্গিবাদ ও অপরাধ থেকে দূরে রাখতে সাইকেল চালানোর ব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা ও বিশ্ববিদ্যালয়কে স্মার্ট ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশ্বাস দেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ প্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থী সহ সকলের প্রতি আহ্বান জানান।
পরে তিনি আনুষ্ঠানিকভাবে সাইকেল র্্যালির উদ্বোধন ঘোষণা করেন। র্্যালিটি ডাকসু চত্বর থেকে ধানমন্ডি ৩২নম্বরে গিয়ে শেষ হয়। পরে প্রতিমন্ত্রী সাইকেল চালানো প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন।


