সুষ্ঠু নির্বাচনের সঠিক কোনও সংজ্ঞা নেই: নির্বাচন কমিশনার

নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেছেন, সুষ্ঠু নির্বাচনের সঠিক কোনও ডেফিনেশন (সংজ্ঞা) নেই। গাজীপুরের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে।

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রফিকুল ইসলাম এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন- আমরা দেখছি নির্বাচন আইনানুগ হয়েছে কি-না। আমরা আইনের মধ্যে থাকতে চাই। আর সুষ্ঠু নির্বাচনের কিন্তু সঠিক কোনও ডেফিনেশন নেই। সুষ্ঠু নির্বাচনের কোনও সঠিক ডেফিনেশন নেই। আইন কিন্তু নির্ধারিত। তাই আমরা আইনানুগ নির্বাচনের জন্য সমগ্র কাজই করি। আমরা ধরেই নেই, আইনানুগ নির্বাচন হলে নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে। সুতরাং এখানে আইনানুগই মুখ্য।

রফিকুল ইসলাম আরও বলেন- আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কিন্তু অস্ত্র থাকে, লাঠি থাকে এবং ওদের আলাদা একটা পোশাকও থাকে। ওই লাঠি আর অস্ত্র দেখলেই আমরা ভয় পাই। এটা কিন্তু সেই মোঘল আমল থেকেই হয়ে আসছে। তবে নির্বাচনকালীন সময়ে কিন্তু পুলিশ বা প্রশাসন আমাদের অধীনেই থাকে। কেউ কেউ বলছে আমরা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পারিনি। আর আমরা বলছি, আমরা আইনানুগ পরিবেশ বজায় রেখেছি।

রফিকুল ইসলাম বলেন- পুলিশের অধীনে নির্বাচন চলে যাচ্ছে যদি বলা হয় তাহলে এটা হয়তো ভুল বলা হবে। তবে নির্বাচন কমিশনের দুর্বলতার কারণে অনেক সময় দেখা যায়, কিছু পুলিশ অতি উৎসাহী হয়ে অনেক কাজ করে বসেন। যেটা নিয়ে আবার বেশি কথাও বলা যায় না। কারণ এটা ব্যক্তির বিষয়।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট উদ্বেগ প্রকাশ করেছেন-এই বিষয়ে জানতে চাইলে রফিকুল ইসলাম বলেন- উনি কমেন্টস করেছেন। দয়া করে তিনি যদি তথ্য-উপাত্ত দিয়ে আমাদের সহযোগিতা করেন এবং কেন এই কমেন্ট করেছেন তা বলেন, তাহলে আমরা ব্যবস্থা নেব। কিন্তু কেউ যদি বলেন আইনানুগ হলেও অবাধ ও সুষ্ঠু হয়নি, তাহলে আমাকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ডেফিনেশনটা দিতে হবে। সেই ডেফিনেশনটা আবার সবার কাছে গ্রহণযোগ্য কি-না সেটা কিন্তু একটি বিরাট ব্যাপার।

আগামী তিন সিটি নির্বাচন কেমন হবে এটা জানতে চাইলে নির্বাচন কমিশনার আরও বলেন-গাজীপুরে কিছু অনিয়ম হয়েছে। এর জন্য আমরা নয়টি কেন্দ্র বন্ধ করেছি। এমন যেন অনিয়ম না হয়, আগামী তিন সিটি নির্বাচনে যেন কেন্দ্র বন্ধ করতে না হয়, সে ব্যবস্থা আমরা নেব। এর পরও হলে আমরা এখানেও (তিন সিটিতে) কেন্দ্র বন্ধ করবো। কিন্তু আমরা আইনের বাইরে তো যেতে পারি না। আমাদের আইনে যা আছে সেভাবেই চলতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।