সুদানে নিহত ১০০


আন্তর্জাতিক ডেস্ক: সুদানে মৌসুমি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় কয়েক হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। বন্যায় কমপক্ষে ১০০ মানুষ নিহত হয়েছে। রোববার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য কাসালায় গাশ নদীর তীরবর্তী এলাকা প্লাবিত হওয়ায় স্থানীয় বাসিন্দারা প্রতিবেশী ইরিত্রিয়ায় চলে গেছে। কৃষক অধ্যুষিত গ্রামগুলো পুরোপুরি বন্যার পানিতে তলিয়ে গেছে। বন্যায় মহাসড়ক তলিয়ে যাওয়ায় সুদানের পূর্বাঞ্চলের সঙ্গে রাজধানী খার্তুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই এলাকার বাসিন্দারা পাহাড়ের ওপরে কুঁড়েঘর তৈরি করে আশ্রয় নিয়েছে।

বার্তা সংস্থা এএফপির এক ফটোসাংবাদিক জানিয়েছেন, তিনি প্রাদেশিক রাজধানী কাসালার কাছাকাছি কয়েকটি গ্রাম পরিদর্শন করেছেন। এসব গ্রামে খাদ্য, পানীয় ও ওষুধের সংকট দেখা দিয়েছে। অনেক গ্রামবাসীকে, বিশেষ করে শিশুদের বৃষ্টির জমানো পানি পান করতে দেখা গেছে।

মাকলি গ্রামের প্রধান তাহা মাহমুদ বলেন, ‘আমাদের হাতে কোনো সময় ছিল না। দুই সপ্তাহ আগে এক রাতে আমাদের গ্রাম প্লাবিত হলে কেবল শিশুদের নিয়ে আমরা চলে যেতে সক্ষম হয়েছি। আমাদের খাদ্য, সম্পদ ও জীবনধারণের উপকরণ ফেলে আসতে হয়েছে। ভারী বৃষ্টিপাত হলে ধসে পড়বে- এমন কুঁড়েঘরের মধ্যে আমরা এখন বাস করছি। আমরা এখন কেবল একবেলা খাচ্ছি। শিশুরা অসুস্থ হয়ে পড়েছে। চিকিৎসকরা এখান থেকে কয়েক মাইল দূরে থাকায় সেখানে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।’

রোববার সুদানের রেডক্রিসেন্ট জানিয়েছে, কেবল কাসালাতেই ২৫ জন নিহত হয়েছে। দুই সপ্তাহ আগে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতের কারণে এখাকার ৮ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া পুরো সুদানে বন্যার কারণে মারা গেছে কমপক্ষে ১০০ লোক।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।