দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সিলেটের ৬টি আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করছেন রিটার্নিং কর্মকর্তা। ১৮ ডিসেম্বর সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেটের ৬টি আসনের চূড়ান্ত ৩৩ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে জেলার ৬টি আসনের ৩৩ প্রার্থীদের সঙ্গে ক্রমান্বয়ে মতবিনিময় শেষে প্রতীক বরাদ্দ দেন।
সিলেটের ৬টি আসনের মধ্যে সিলেট-১ আসনে কোনো স্বতন্ত্র প্রার্থী না থাকায় সব প্রার্থীকেই তাদের দলীয় প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী এবং বর্তমান সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন পেয়েছেন নৌকা প্রতীক, সম্মিলিত মুক্তিজোটের প্রার্থী আব্দুল বাসিত ছড়ি, এনপিপির প্রার্থী ইউসুফ আহমদ আম, ইসলামী ঐক্যজোটের প্রার্থী ফয়জুল হক মিনার এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. সোহেল আহমদ চৌধুরী পেয়েছেন ডাব প্রতীক।
সিলেট-২ আসনেও কোনো স্বতন্ত্র প্রার্থী নেই। দলীয় প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী শফিকুর রহমান চৌধুরী পেয়েছেন নৌকা, গণফোরামের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মোকাব্বির খান উদীয়মান সূর্য, জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরী লাঙ্গল, তৃণমূল বিএনপির প্রার্থী মোহাম্মদ আব্দুর রব সোনালী আঁশ, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. জহির ডাব এবং ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র প্রার্থী মো. মনোয়ার হোসাইন পেয়েছেন আম প্রতীক।
সিলেট-৩ আসনটিতে একমাত্র স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল পেয়েছেন ট্রাক্টর প্রতীক। আর বাদ বাকি প্রার্থীরা তাদের দলীয় প্রতীকে নির্বাচন করবেন। তার মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান নৌকা, জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান লাঙল, বাংলাদেশ ইসলামী ঐক্যফ্রন্টের প্রার্থী শেখ জাহেদুর রহমান (মাসুম) মোমবাতি প্রতীক, ইসলামী ঐক্যাজোটের প্রার্থী মো.মইনুল ইসলাম মিনার এবং ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র প্রার্থী আনোয়ার হোসেন আফরোজ আম প্রতীকে নির্বাচনে লড়বেন।
সিলেট-৪ আসনে তিনজনই দলীয় প্রার্থী। তার মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান এমপি ইমরান আহমদ নৌকা, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. নাজিম উদ্দিন (কামরান) মিনার এবং তৃণমূল বিএনপির প্রার্থী মো.আবুল হোসেন সোনালী আঁশ প্রতীক পেয়েছেন।
সিলেট-৫ আসনটিতে দুজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। তারমধ্যে স্বতন্ত্র প্রার্থী মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী পেয়েছেন কেটলি প্রতীক। আর অপর স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আহমদ আল কবির পেয়েছেন ট্রাক্টর।
বাকি দলীয় প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ পেয়েছেন নৌকা, তৃণমূল বিএনপির প্রার্থী কুতুব উদ্দীন আহমদ শিকদার সোনালী আঁশ, জাতীয় পার্টির প্রার্থী শাব্বীর আহমদ লাঙ্গল, বাংলাদেশ কংগ্রেস’র প্রার্থী মো.বদরুল আলম ডাব এবং বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) প্রার্থী মো. খায়রুল ইসলাম পেয়েছেন হাতপাঞ্জা প্রতীক।
সিলেট-৬ আসনটিতে একমাত্র স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন পেয়েছেন ঈগল প্রতীক। আর আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সাংসদ নুরুল ইসলাম নাহিদ নৌকা, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আতাউর রহমান আতা ছড়ি, জাতীয় পার্টির প্রার্থী সেলিম উদ্দিন লাঙ্গল, তৃণমূল বিএনপির প্রার্থী শমসের মবিন চৌধুরী সোনালী আঁশ এবং ইসলামী ঐক্যজোটের প্রার্থী সাদিকুর রহমান মিনার প্রতীকে নির্বাচন রছেন।