‘জয় হো’ ছবিতে সালমান খানের বিপরীতে অভিনয় করে হয়েছেন আলোচিত। বলিউডে ডেইজি শাহ এখন উঠতি তারকা। অথচ, এখনো নাকি সালমান খানের সঙ্গে কথা বলার আগে অন্তত দশ বার ভাবেন তিনি! আর সালমান খানের সামনে পড়লে নাকি মুগ্ধতা আর ভালোবাসার আবেগে তাঁর দম বন্ধ হয়ে আসে!
এ বিষয়ে ডেইজি শাহ বলেছেন, ‘তাঁর সামনে মুখ খোলার আগে অন্তত ১০ বার ভাবি। সালমানের সঙ্গে প্রথম যখন আমার সাক্ষাৎ হয়, আমি তখনো তাঁর একজন ভক্ত ছিলাম। ৩১ বছর বয়সী এই অভিনেত্রী সালমান খান সম্পর্কে আরও বলেন, ‘তিনি খুবই স্নেহপ্রবণ। যেকোনো কিছুতেই তাঁকে অসাধারণ লাগে আমার। আমি আগাগোড়াই তাঁর বড় একজন ভক্ত। যখনই তাঁর সঙ্গে আমার দেখা কিংবা কথা হয়, তখন যেন আমার যেন দম বন্ধ হয়ে আসে!
ডেইজি শাহ আরও জানিয়েছেন, বর্তমানে নতুন বেশ কিছু ছবির কাহিনি থেকে নিজের উপযুক্ত চরিত্র বেছে নেওয়ার কাজ করছেন তিনি।
সালমান খানের ভাই সোহেল খানের ‘মেন্টাল’ ছবিতে সালমান খানের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন ডেইজি শাহ। বলিউডে সেই তাঁর পথ চলার শুরু।
এরপর ‘জয় হো’ ছবিতেও ডেইজি শাহ সালমানের সঙ্গে অভিনয় করার সুযোগ পান। সালমানের ভক্ত হিসেবে কপালটা বেশ ভালোই বলতে হবে ডেইজির।