বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সাথে বিয়ে-মধুচন্দ্রিমা শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলতে চলে গেছেন ভারতীয় আধিনায়ক বিরাট কোহলি। অথচ তারই এক সাবেক প্রেমিকা মনের মতো পাত্রই খুঁজে পাচ্ছেন না বিয়ের জন্য।
কি ভাবছেন ইসাবেল লেইটের কথা বলছি! অবশ্য এমনটা ভাবাই স্বাভাবিক। আনুশকা ভারতীয় অধিনায়কের জীবনে আসার আগে লম্বা সময় ধরে ইসাবেলের নামই ছিল কোহলির নামের পাশে। তবে ইসাবেল এখন আর একা নেই। চুটিয়ে প্রেম করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই ব্রাজিলিয়ান এই মডেল ও তার প্রেমিকের ছবিও দেখা যায়।
তবে মনের মানুষের সংকটে ভুগছেন কোহলির আরেক সাবেক প্রেমিকা তামান্না ভাটিয়া। এতে অবাক হওয়ার কিছু নেই। ২৯ বছর বয়সী কোহলির জীবনে অল্প সময়ের জন্যই এসেছিলেন তামান্না। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, দক্ষিণি ছবির এই নায়িকার সঙ্গেই প্রথমবার প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন কোহলি।

সেলকন মোবাইলের বিজ্ঞাপনেই প্রথম আলাপ হয় দুইজনের মধ্যে। এরপরই আলোচনায় চলে আসে এই জুটি। ২০১২ সালের দিকে প্রায়ই তাদের দুজনকে একসাথে দেখা যেত। তবে কোহলির জীবনে ইসাবেল আসাতেই বিচ্ছেদ ঘটে সুপার হিট ‘বাহুবলি’ চলচ্চিত্রের নায়িকার। টানা দুই বছর ইসাবেলের সাথে দেখা গেছে ভারতীয় ক্রিকেটের রেকর্ড বয়কে। এরপর আসেন আনুশকা, যা বিয়ে পর্যন্ত গড়াল।
কোহলির প্রথম প্রেমিকার সাথে একাধিক পুরুষের নাম জড়ালেও তামান্না সাফ জানিয়ে দিয়েছেন, এখনও মনের মতো কাউকে পাননি। ভারতীয় এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘এখনই বিয়ে করছি না। যেদিন মনের মতো কাউকে পাব, সেদিনই এই কাজটা সেড়ে ফেলব। আমি নিজেই জানিয়ে দেব আপনাদের। আপাতত কাজ নিয়ে ব্যস্ত থাকছি।’
কোহলির সাথে বিচ্ছেদের পর বেশ কিছুদিন ‘সিঙ্গেল’ থেকেছেন তামান্না। তবে বছর দুই আগে পাকিস্তানি ক্রিকেটার আব্দুল রাজ্জাকের সাথে তাকে নিয়ে সরগরম হয়ে উঠেছিল সংবাদমাধ্যম। এরপর এক ইঞ্জিনিয়ারের সঙ্গেও তার বিয়ে নিয়ে কথা উঠেছিল। তবে সেসব গুঞ্জন পর্যন্তই শেষ। বাস্তব কথা হলো- এখনও মনের মানুষের পথ চেয়েই আছেন এই অভিনেত্রী। সূত্র: জিনিউজ



