সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাবেক জেলা পরিষদ প্রশাসক জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদের রয়েছে দীর্ঘ রাজনৈতিক ইতিহাস। তিনি একজন মুক্তিযোদ্ধা। ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা মুনসুর আহমেদ দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের পর পর চারবারের চেয়ারম্যান। এরপর আওয়ামী লীগের ২২ বছরের সাধারণ সম্পাদক। ১৯৮৬ ও ১৯৯১ সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় নয়, সেই দুই নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনে সাতক্ষীরা-৪ আসনের মনোনয়ন পেয়েও মুনসুর আহমেদ দলের নির্দেশে মহাজোটের শরিক জাতীয় পার্টির অনুকূলে নিজেকে প্রত্যাহার করে নেন। ২০১১ সালে তিনি সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মনোনীত হন। ২০১৫ সালে তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি হন।
মুনসুর আহমেদ এবারের জেলা পরিষদ নির্বাচনে দলের কেন্দ্রীয় সমর্থন পেয়ে মাঠে নেমেছেন। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে দলের পক্ষ থেকে সমর্থন দিয়েছেন। এখন তিনি আনারস প্রতীক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন।
অন্যদিকে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের রাজনৈতিক পদচারণা দুই দশকের মতো। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি থেকে তিনি ২০০৪ সাল থেকে পরপর দুবার দলের জেলা সাধারণ সম্পাদক হন। ১৯৯৫ সালে তিনি ছিলেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। ১৯৯৬ ও ২০০১ সালের সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি দুবারই জামায়াতের কাছে হেরে যান। তবে ২০০৮-এর নবম সংসদ নির্বাচনে তিনি দলের মনোনয়ন পেয়েও মহাজোট প্রার্থী জাতীয় পার্টির পক্ষে নিজেকে প্রত্যাহার করে নেন। নজরুল ইসলাম ২০০৯-এর উপজেলা নির্বাচনে সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন জামায়াতের প্রার্থীকে অর্ধেক ভোটে হারিয়ে।
মুনসুর আহমেদের বিরুদ্ধে অনেকে অভিযোগ করেন, তিনি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়ন দেওয়ার নামে কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করেন মুনসুর।
এদিকে, মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের বিরুদ্ধে উঠেছে দলে বিভেদ সৃষ্টির অভিযোগ। অনেকের অভিযোগ, তাঁর পরিবারের কেউ কেউ এবং আত্মীয়স্বজন জামায়াতের রাজনীতি করেন। তবে নজরুল বলেন, জামায়াত নিয়ে যেসব কথা বলা হয়, তার সঙ্গে তাঁর কোনো সম্পর্ক থাকার প্রশ্নই ওঠে না। তিনি বলেন, ‘আমার রাজনৈতিক জীবনই তার প্রমাণ।’
মুনসুর আহমেদ অভিযোগ করেন, ‘নজরুল ইসলাম আমার দলে বিভেদ এনেছেন।’
তবে নজরুল ইসলাম বলেন, ‘মুনসুর আহমেদ নানাভাবে দলের ভাবমূর্তি বিনষ্ট করেছেন।’