সাবেক মেয়র কামরানের মৃত্যুতে সাজেদা চৌধুরীর শোক

সাবেক মেয়র কামরানের মৃত্যুতে সাজেদা চৌধুরীর শোক
আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিবেদকঃ  আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি।
বদর উদ্দিন আহমদ কামরান ১৫ জুন ভোরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৯ বছর।
সংসদ উপনেতা তার রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে রোববার দিবাগত রাত পৌনে তিনটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বদরউদ্দিন আহমদ কামরান ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সিলেট পৌরসভার তিনবারের কমিশনার, একবারের চেয়ারম্যান ও সিলেট সিটি করপোরেশনের টানা দুইবারের সাবেক মেয়র, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান গত ৫ জুন করোনাভাইরাসে আক্রান্ত হন। পরদিন তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়।
এরপর তার শরীর আরও খারাপ হলে ৭ জুন প্রধানমন্ত্রীর নির্দেশে বিমানবাহিনীর একটি এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ৮ জুন কামরানের শরীরে প্লাজমা থেরাপিও দেয়া হয়। ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতিও হচ্ছিল তার। কিন্তু চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে রোববার রাত ১১টার দিকে কামরানের মস্তিষ্কে রক্তক্ষরণ হয় এবং রাত পৌনে তিনটার দিকে ইন্তেকাল করেন সিলেটের জনপ্রিয় এই রাজনীতিবিদ।
কামরানের আগে তার স্ত্রী সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান গত ২৭ মে করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ রয়েছেন এবং তার শরীরে এখন আর করোনার উপসর্গ নেই।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।