করোনা উপসর্গ জ্বর ও শ্বাসকষ্টজনিত কারণে আরেক সাংবাদিকের মৃত্যু। দৈনিক ভোরের কাগজ পত্রিকার অপরাধ বিষয়ক সাংবাদিক আসলাম রহমান (৫০)। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ছিলেন তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন আসলামের সহকর্মী ইমরান রহমান।
বৃহস্পতিবার (৭ মে) রাতে প্রচণ্ড জ্বর ও ডায়েরিয়ার কারণে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা যায়, আসলাম কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানিয়েছে তার পরিবার। গত বুধবার রাজধানীর মুগদা হাসপাতালে তার করোনা পরীক্ষা করা হয়। রিপোর্টে তা নেগেটিভ আসে।
ইমরান রহমান জানান, কিছুদিন ধরে শ্বাসকষ্ট ও জ্বরে ভুগছিলেন আসলাম রহমান। তার শ্বাসকষ্ট বেড়ে গেলে দ্রুত কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে তাকে ঢাকা মেডিকেল নিয়ে যেতে বলেন। পরে ঢামেকের বার্ন ইউনিটে স্থাপিত করোনা ইউনিটে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



