বিশেষ প্রতিনিধিঃ পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন নিরাপত্তা জোরদারে সরকারের নেয়া পদক্ষেপে বিদেশীদের মধ্যে আস্থা ফিরে এসেছে। তিনি বলেছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের সফর এই আস্থারই প্রতিফলন।
আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিদেশী কূটনীতিকদের দেয়া এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর মূখ্যসচিব, পররাষ্ট্র সচিব ও নিরাপত্তা সংশ্লিষ্ট সরকারের বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রায় ৬০ জন প্রতিনিধি অংশ নেন।
ব্রিফিং শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে একগুচ্ছ প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকার। এখন থেকে দূতাবাসগুলো অতিরিক্ত নিরাপত্তাবাহিনী হিসেবে আনসার ব্যাটালিয়েন সদস্যদের নিয়োগ করতে পারবে। সরকারের অনুমতি নিয়ে তারা বুলেটপ্রুফ গাড়ি আনতে পারবে। কূটনীতিকরা গাড়িতে হলুদ নম্বর প্লেটের পাশাপাশি সাদা নম্বর প্লেটও ব্যবহার করতে পারবে।
প্রসঙ্গত, গুলশান হামলার আগে-পরে নাজুক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র, জাপানসহ কয়েকটি মিশন তাদের নিযুক্ত বেসরকারি নিরাপত্তা কর্মীদের জন্য অস্ত্র বহনের অনুমিত চায়। কিন্তু বিদ্যমান আইনে বেসরকারি নিরাপত্তা কর্মীদের অস্ত্র বহনের অনুমিত না থাকায় সরকার বিকল্প হিসাবে আনসার ব্যাটালিয়েন সদস্যদের নিয়োগের প্রস্তাব করেছে। অবশ্য এজন্য মিশনগুলোকে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে।
ভিয়েনা কনভেনশন অনুযায়ী কোনো দেশে অবস্থানরত বিদেশী কূটনীতিক ও মিশনের নিরাপত্তা দেয়ার দায়িত্ব স্বাগতিক সরকারের ওপর বর্তায়। সেই হিসেবে বাংলাদেশ সরকার নিয়মিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে এ দায়িত্ব পালন করে আসছে। এছাড়া সরকারের অনুমতি নিয়ে মিশনগুলো আগে থেকেই বুলেটপ্রুফ গাড়ি আনতে পারত। কূটনীতিকদের আলাদাভাবে চিহ্নিত করতে না পরার জন্য তারা গাড়িতে হলুদ নম্বর প্লেটের বিকল্প হিসাবে সাদা নম্বর প্লেট ব্যবহার করতে চেয়েছে।
ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী গুলশান হামলাসহ সাম্প্রতিক কয়েকটি সন্ত্রাসবাদী ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর অভিযানের অগ্রগতি তুলে ধরেন।
তিনি বলেন, সহিংস জঙ্গিবাদীদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর অভিযান অব্যাহত থাকবে। এতে কোনো ছেদ পরবে না। সরকার সন্ত্রাসী ও জঙ্গিদের মূল উৎপাটন করবে। জঙ্গিদের মমদদাতা, অর্থায়নকারী ও প্রশিক্ষনদানকারীদের বিরুদ্ধে সরকার সর্বাত্মক অভিযান চালাচ্ছে।
সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনীতিকদের নিরাপত্তা জোরদারে সরকার সবকিছু করেছে। এসব পদক্ষেপে তারা খুশি।