দেশে সব ধর্মের মানুষের সাংবিধানিক অধিকার রক্ষায় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন সব সম্প্রদায়ের মানুষ বাংলাদেশের নাগরিক। সবার অধিকার এ দেশে সমান, এ অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত। এ অধিকার রক্ষা করতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকার বদ্ধপরিকর।কোনো সম্প্রদায়কে ধর্মীয় কারণে অত্যাচার-নির্যাতন করা যাবে না। এ ধরনের কোনো ঘটনা যদি ঘটে, তাহলে সরকার সেটা বিচারের আওতায় আনবে। আমি সরকারের পক্ষ থেকে নিশ্চিত করতে পারি, অপরাধীদের বিচারের সম্মুখীন করা হবে।
তিনি বলেন, ‘আমরা কোনো অপরাধকে কখনোই সমর্থন এবং বিচারের আওতার বাইরে থাকতে দেব না। একটা সময় যখন সত্যিকার অর্থে দেশে সরকার ছিল না, তখন কিছু দুর্বৃত্তের মাধ্যমে কিছু ঘটনা ঘটেছে, তা আমরা স্বীকার করি। সেসব অপরাধের শাস্তি হবে, ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে।’
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি আরো বলেন, ‘আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী কাজ করছে। সারা দেশে ভলান্টিয়াররা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মিলে কাজ করছেন, যেন কোথাও কোনো দুর্বৃত্ত সমস্যা সৃষ্টির সুযোগ না পায়।’



