পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বাড়াতে কমিটি

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বাড়াতে কমিটি
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বাড়াতে কমিটি

বিদেশি শিক্ষাক্রমে ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল সম্পন্ন করা ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ সম্প্রসারণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রাজধানীর একটি হোটেলে ‘বিদেশি কারিকুলাম অধ্যয়নকারী শিক্ষার্থীদের সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ সম্প্রসারণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

অ্যালায়েন্স অব প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলস আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী গিয়াস উদ্দিন রিমন এবং ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশে প্রতি বছর ইংরেজি মাধ্যমের প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষার্থী ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল পরীক্ষায় অংশ নেয়। তবে বিদ্যমান ভর্তি পরীক্ষা পদ্ধতি এবং সনদের সমমান নির্ধারণসংক্রান্ত জটিলতার কারণে সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এসব শিক্ষার্থী তুলনামূলক কম সুযোগ পায়। তাঁর মতে, এটি দেশের শিক্ষাব্যবস্থায় একটি ‘সিস্টেম লস’।

ভারত ও পাকিস্তানের শিক্ষাব্যবস্থার উদাহরণ দিয়ে ড. মিলন বলেন, প্রতিবেশী দেশগুলোতে ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেলের ফলাফলকে নিজ নিজ দেশের এইচএসসি সমমানের সঙ্গে সমন্বয়ের নীতিমালা রয়েছে। বাংলাদেশেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষার সব পর্যায়ে সমতা নিশ্চিত করতে কাজ করছে।

তিনি জানান, ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা যাতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ায় সমান সুযোগ নিয়ে অংশ নিতে পারে, সে লক্ষ্যে ইউজিসির নেতৃত্বে কমিটি গঠন করা হবে। কমিটির সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে।

একই সঙ্গে ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশের ইতিহাস, বাংলা ভাষা ও সংস্কৃতির পাঠদান আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেন শিক্ষামন্ত্রী।

অ্যালায়েন্স অব প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলসের সভাপতি মো. মোর্শেদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। এ ছাড়া ব্রিটিশ কাউন্সিল ও বিভিন্ন ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।