বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের উন্নয়ন প্রকল্প প্রণয়নে দীর্ঘমেয়াদি সম্ভাবনা, জনসম্পৃক্ততা এবং সময়মতো বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। সময়োপযোগী প্রকল্প বাস্তবায়নের নির্দেশ
সোমবার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের চলমান এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এ অন্তর্ভুক্ত অননুমোদিত নতুন প্রকল্পসমূহের পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় মন্ত্রী বলেন, নতুন প্রকল্প গ্রহণের সময় ভবিষ্যৎ সম্ভাবনা ও টেকসই উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। একই সঙ্গে প্রকল্পগুলো যেন পরস্পরের পরিপূরক হয় এবং সংশ্লিষ্ট এলাকার জনগণের অংশগ্রহণ ও সম্পৃক্ততা নিশ্চিত করা যায়, সে বিষয়েও গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় উপস্থিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, উন্নয়ন প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে সরকারের নির্বাচনি অঙ্গীকারকে গুরুত্ব দিতে হবে। তিনি সরকারি অর্থায়নের ওপর নির্ভরশীলতা কমিয়ে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ বাড়ানোর আহ্বান জানান।
তিনি বলেন, উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে দেশের মানুষ যেন বাস্তব সুফল পায় এবং পরিবর্তিত বাংলাদেশের উন্নয়নের প্রভাব সাধারণ মানুষের জীবনে প্রতিফলিত হয়, তা নিশ্চিত করতে হবে।
পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।



