নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে কঠোর অভিযান চলবে, পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারের আহ্বান

নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে কঠোর অভিযান চলবে, পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারের আহ্বান
পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারের আহ্বান

পরিবেশ দূষণ রোধে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধ করতে জনসচেতনতা বৃদ্ধি এবং বিদ্যমান আইনের কঠোর প্রয়োগের ওপর গুরুত্বারোপ করে পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

সোমবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে পলিথিনবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিদর্শনকালে তিনি ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং পরিবেশ রক্ষায় পলিথিনের পরিবর্তে পুনর্ব্যবহারযোগ্য পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারের আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, সরকার একবার ব্যবহারযোগ্য নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে আইন কার্যকর করেছে এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে। তিনি বলেন, পলিথিন মাটি, পানি, বায়ু ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। পাশাপাশি নগর এলাকায় জলাবদ্ধতা সৃষ্টির অন্যতম কারণও এই পলিথিন বর্জ্য।

তিনি আরও বলেন, শুধু সরকারি অভিযান নয়, ব্যবসায়ী, ক্রেতা এবং সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণ ছাড়া পলিথিন দূষণ নিয়ন্ত্রণ সম্ভব নয়। তাই সবাইকে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহার করার অভ্যাস গড়ে তুলতে হবে।

শেখ ফরিদুল ইসলাম ব্যবসায়ীদের নিষিদ্ধ পলিথিন মজুত, বিক্রি ও সরবরাহ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, পাট, কাপড় এবং অন্যান্য পুনর্ব্যবহারযোগ্য ব্যাগের ব্যবহার বাড়াতে হবে। তিনি জানান, নিয়মিত বাজার তদারকি, সচেতনতামূলক কার্যক্রম এবং আইন প্রয়োগের মাধ্যমে পলিথিনবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

প্রতিমন্ত্রী জানান, গত ছয় মাসে দেশজুড়ে পরিচালিত ১৬৮টি মোবাইল কোর্টে ২০৬টি মামলা করা হয়েছে। এসব অভিযানে ১৯ লাখ টাকার বেশি জরিমানা আদায় এবং ৫০ হাজার মেট্রিক টনের বেশি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

পরিদর্শনের সময় ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে পরিবেশবান্ধব বাজারের ব্যাগ বিতরণ করা হয়। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।