স্টাফ রিপোর্টার: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিদের বাঁচাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার দলের নেতারা সন্দেহের বেলুন ওড়াচ্ছেন।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। আলোচনা সভার আয়োজন করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ।
হাসানুল হক ইনু বলেন, ‘জঙ্গি তাণ্ডবে কঠিন দুর্দিনের মধ্যে আছি। বাংলাদেশ কঠিন বিপদের মধ্যে আছে। একটাই কথা শত্রুদের মেরে ফেলতে হবে, তাদের বাঁচিয়ে লাভ কী?’
তিনি বলেন, “জঙ্গিদের দোসর বিএনপি দেশে অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে। তাদের হাতে সাম্প্রদায়িক বিষের বাঁশি। তাই জঙ্গিদের বাঁচাতে ‘যদি’ ‘কিন্তু’ বলে খালেদা জিয়া ও তার দলের নেতারা সন্দেহের বেলুন উড়াচ্ছেন।”
ইনু বলেন, ‘জঙ্গি যুদ্ধে জিততে হলে তাদের দোসর, জঙ্গি উৎপাদনের কারখানা খালেদা জিয়া ও বিএনপিকে ধ্বংস করতে হবে। খালেদা জিয়া ও তার দল বিএনপিকে জঙ্গি, জামায়াত ও যুদ্ধাপরাধীদের কথা জিজ্ঞাসা করলেই তারা বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। এর জন্য জঙ্গিদের মা খালেদা জিয়া সম্পর্কে আগে পরিষ্কার হতে হবে।’
‘জঙ্গি জামায়াত ও যুদ্ধাপরাধীদের সঙ্গে সম্পর্ক রাখার কারণে বিএনপি ও খালেদা জিয়ার নাম ঐক্যের খাতা থেকে কাটা পড়েছে। এখন আর কোনো মিটমাটের জায়গা নেই একাত্তরের মতো তাদের ধংস করে দিতে হবে,’ বলেন ইনু।
নৌমন্ত্রী শাজাহান খান বলেন, ‘বিএনপি জঙ্গিদের বাঁচানোর জন্যই জাতীয় ঐক্যের ডাক দিয়েছে। খুনিদের সঙ্গে ওদের জাতীয় ঐক্য হয়ে গেছে।
জঙ্গিদের প্রতিহত করার আহ্বান জানিয়ে শাজাহান খান বলেন, ‘জঙ্গিরা যেমন আমাদের ওপর আঘাত করতে চায়, তেমনই আমরাও প্রতিঘাত করে জঙ্গিদের প্রতিহত করব।’
সভায় বক্তব্য রাখেন, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, মুক্তিযোদ্ধা ইসমত কবির গামা, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মালেক।